আগামী ৭ ডিসেম্বর (রোববার) নির্বাচন কমিশন (ইসি) কমিশন সভায় বসবে। এই বৈঠকের পর যেকোনো দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।
মঙ্গলবার (২ ডিসেম্বর) নির্বাচন আয়োজনের প্রস্তুতি সম্পর্কে জানতে চাইলে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, জাতীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো এবং জনসাধারণের মধ্যে দীর্ঘদিন ধরে আলোচনা চলছে। সাংবিধানিক বাধ্যবাধকতা অনুযায়ী নির্ধারিত সময়সীমার মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে হবে, এবং সেই লক্ষ্যেই নির্বাচন কমিশন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।
নির্বাচনের তফসিল ঘোষণা হলে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রক্রিয়া শুরু হবে। তফসিল প্রকাশের পর মনোনয়নপত্র জমা, যাচাই-বাছাই, প্রার্থিতা প্রত্যাহার ও প্রতীক বরাদ্দসহ পরবর্তী ধাপগুলো সম্পন্ন হবে। একই সঙ্গে ভোটগ্রহণের সুনির্দিষ্ট তারিখও তফসিলের মাধ্যমে নির্ধারিত হবে।
এলএনডি/এমআর






