বাংলাদেশ সচিবালয়ের নতুন ভবন (১ নম্বর ভবন) থেকে ধোঁয়া ওঠার একটি ঘটনা আতঙ্ক সৃষ্টি করেছে। ধোঁয়া দেখা দেওয়ার পর ভবনজুড়ে বারবার ফায়ার সাইরেন বেজে ওঠে। এ সময় ভয়ে অনেক কর্মকর্তা–কর্মচারী দ্রুত ভবন ত্যাগ করেন। তবে কী কারণে ধোঁয়া উঠেছে—তাৎক্ষণিকভাবে কেউ নিশ্চিত করতে পারেননি।
রবিবার দুপুরে ভবন থেকে বের হওয়া কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, ঘটনাটি ভবনের ১০তম তলায় ঘটে।
তাদের মতে, আচমকা অগ্নিসংকেত বাজতে থাকে এবং অল্প সময়ের মধ্যেই ১০ তলার দিক থেকে ধোঁয়া দেখা যায়। পরিস্থিতি খারাপ হতে পারে মনে করে সবাই দ্রুত নিচে নেমে আসেন।
এক কর্মকর্তা বলেন, “প্রথমে ভেবেছিলাম হয়তো সিগারেটের ধোঁয়া। কিন্তু পরে দেখি বেশ বড় আকারে ধোঁয়া উঠছে। নিরাপত্তার জন্যই সবাই দ্রুত বেরিয়ে আসি। ঠিক কী ঘটেছে এখনো কেউ স্পষ্ট জানে না।”
ঘটনার পর ভবনে থাকা কর্মীরা মাঠে নেমে নিরাপদ স্থানে দাঁড়িয়ে থাকেন। উল্লেখ্য, এই ভবনেই জনপ্রশাসন মন্ত্রণালয় ও মন্ত্রিপরিষদ বিভাগের দপ্তর রয়েছে।
ফায়ার সার্ভিস থেকে জানানো হয়েছে, সচিবালয়ের নতুন ১নং ২০ তলা ভবনের ৯ তলায় ভবনের বাইরের এগজস্ট ফ্যানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছিল। দুপুর ২টায় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১ম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ২টা ২ মিনিটে। পরে আরও ২টি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে ইউনিটগুলোর কাজ করার প্রয়োজন হয়নি। ফায়ার এক্সটিংগুইশার দিয়ে ২টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের এ ঘটনায় ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
এলএনডি/এমআর






