সাবেক মন্ত্রী ফরহাদ হোসেন ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

Liberty News Desk

দুর্নীতি, অবৈধ উপায়ে সম্পদ অর্জন, অস্বাভাবিক ব্যাংক লেনদেন ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন এবং তার স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার দুদক প্রধান কার্যালয়ে নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।

দুদকের তথ্য অনুসারে, সহকারী পরিচালক খোরশেদ আলমের নেতৃত্বে গঠিত অনুসন্ধান টিম অভিযোগ যাচাই করে তাদের সম্পদ ও ব্যাংক লেনদেনে গুরুতর অসঙ্গতি পায়।

তদন্তে দেখা যায়— ফরহাদ হোসেন তার নিজের নামে মোট ২ কোটি ৪৩ লাখ ৪২ হাজার টাকার স্থাবর–অস্থাবর সম্পদ দেখিয়েছেন। আয়কর নথি অনুযায়ী পারিবারিক ব্যয়সহ তার মোট সম্পদের পরিমাণ দাঁড়ায় ৩ কোটি ৭ লাখ টাকার বেশি। এর বিপরীতে বৈধ উৎসে তিনি দেখাতে পেরেছেন প্রায় ১ কোটি ৯৬ লাখ টাকা। ফলে তার জ্ঞাত আয়ের বাইরে সম্পদ পাওয়া গেছে প্রায় ১ কোটি ১২ লাখ টাকা।

এ ছাড়া তার নামে খোলা ১২টি ব্যাংক হিসাবে প্রায় ৬ কোটি ৫৫ লাখ টাকা জমা এবং ৬ কোটি ৩৬ লাখ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে—যা দুদকের ভাষায় ‘অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেন’।

অপরদিকে, স্ত্রী সৈয়দা মোনালিসা ইসলামের নামে পাওয়া সম্পদের পরিমাণ দাঁড়ায় প্রায় ৮১ লাখ টাকা। পারিবারিক ব্যয়সহ মোট ৯৪ লাখ টাকার সম্পদ থাকলেও এর কোনো বৈধ উৎস দেখাতে পারেননি তিনি। দুদকের পর্যবেক্ষণ অনুযায়ী এসব সম্পদ মূলত ফরহাদ হোসেনের দুর্নীতির অর্থ থেকে এসেছে।

দুদক জানায়, ক্ষমতার অপব্যবহার, অবৈধ সম্পদ অর্জন, জ্ঞাত আয় গোপন এবং মানিলন্ডারিংয়ের অভিযোগে ফরহাদ হোসেনের বিরুদ্ধে দুদক আইন ২০০৪–এর ২৭(১) ধারা, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭–এর ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২–এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা করা হয়েছে।

অন্যদিকে, সৈয়দা মোনালিসা ইসলামের বিরুদ্ধে দুদক আইন ২০০৪–এর ২৭(১) ধারা এবং দণ্ডবিধির ১০৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন