বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী জানিয়েছেন, তিনি হৃদপিণ্ড ও ফুসফুসের সংক্রমণে ভুগছেন।
রোববার (২৩ নভেম্বর) রাতের দিকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, হাসপাতালে নেওয়ার পরই প্রাথমিক বেশ কিছু পরীক্ষা করা হয়েছে এবং বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। তার ভাষায়, আগামী ১২ ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, সাম্প্রতিক কয়েক মাসে খালেদা জিয়া বারবার অসুস্থ হচ্ছেন এবং বিভিন্ন জটিলতায় ভুগছেন। আজও অবনতির কারণে তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তাকে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে এবং চিকিৎসা দল নিবিড়ভাবে নজর রাখছে। আগামী ২৪ ঘণ্টা পরে আরও কিছু পরীক্ষা করা হতে পারে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, খালেদা জিয়া কতদিন হাসপাতালে থাকতে হবে তা এখনই নির্ধারণ করা সম্ভব নয়। তার শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসা পরিকল্পনা সাজানো হবে।
এ সময় মেডিকেল বোর্ডের অন্যান্য সদস্য—অধ্যাপক ডা. শাহাবুদ্দিন তালুকদার, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সাইফুল ইসলাম, ডা. জিয়াউদ্দিন, ডা. জাফর আহমেদ ও ডা. মামুন আহমেদ উপস্থিত ছিলেন।
এর আগে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় খালেদা জিয়াকে, পরে বিস্তারিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে ভর্তি করা হয়।
এলএনডি/এমআর






