অন্য রাজনৈতিক দল যা-ই করুক, বিএনপি কোনো সংঘাতমুখী রাজনীতিতে যাবে না বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে ড্যাবের আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আমীর খসরু জানান, দেশে স্থিতিশীলতা বজায় রাখাকে গুরুত্ব দিচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বাস্থ্যসেবা উন্নত করতে বিভিন্ন উদ্যোগের ব্যাপারে গুরুত্বারোপ করেন তিনি এবং সেসব উদ্যোগ জনগণের কাছে পৌঁছে দিতে বিএনপিকে সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান।
তিনি আরও বলেন, বিএনপি উচ্চ লক্ষ্য নিয়ে এগোচ্ছে বলেই ক্ষমতায় এলে এক কোটি মানুষের কর্মসংস্থানের পরিকল্পনা করেছে। নতুন বাংলাদেশ গড়তে মেধাভিত্তিক রাজনীতির দিকেও অগ্রসর হওয়ার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
অন্যদিকে, জাতীয় প্রেসক্লাবের এক আলোচনায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক জামায়াতে ইসলামীর প্রতি আহ্বান জানিয়ে বলেন—অযৌক্তিক আন্দোলন বা ষড়যন্ত্র না করে নির্বাচনে এসে জনগণের রায় যাচাই করা উচিত। তিনি অভিযোগ করেন, একটি পক্ষ আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করে নির্বাচন ব্যাহত করার চেষ্টা করছে। পাশাপাশি বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারত সরকারের প্রতি অনুরোধ জানান তিনি।
এ ছাড়া সকালে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাইফুল ইসলাম পটুর রুহের মাগফেরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন রিজভী আহমেদ।
এলএনডি/এমআর






