দেশে বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকি মোকাবিলায় ভবন নির্মাণে অবশ্যই বিল্ডিং কোড অনুসরণ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
রোববার (২৩ নভেম্বর) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ সুপারিশ করেন।
তিনি বলেন, ভূমিকম্পের ক্ষেত্রে সবাইকে সতর্ক থাকতে হবে। দেশে এখনও ভূমিকম্পের আর্লি ওয়ার্নিং সিস্টেম নেই। অনেক দেশে এমন অ্যাপ রয়েছে যা ভূমিকম্পের প্রায় ১০ সেকেন্ড আগে সতর্কবার্তা দিতে পারে—বাংলাদেশেও সে ধরনের অ্যাপ চালুর সম্ভাবনা বিবেচনা করা হচ্ছে।
বিল্ডিং কোডের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, নিয়ম না মেনে ভবন নির্মাণ করলে ভবিষ্যতে বড় বিপদের ঝুঁকি বাড়বে। জলাশয় ভরাট, খোলা জায়গার অভাবসহ বিভিন্ন বিষয়েও রাজউককে সতর্ক থাকার নির্দেশনা দেন তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক ও উন্নতির দিকে যাচ্ছে। তবে নির্বাচন ঘনিয়ে আসায় বিক্ষোভ-মিছিল ও সভা-সমাবেশ বাড়তে পারে। দায়িত্ব নেওয়ার সময় পরিস্থিতি অবনতির দিকে থাকলেও গত দেড় বছরে পরিস্থিতি অনেকটা উন্নত হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
এলএনডি/এমআর






