রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সামনে একটি বৈদ্যুতিক খুঁটিতে আগুন লাগার ঘটনা ঘটেছে।
শুক্রবার সন্ধ্যা ৬টা ১৮ মিনিটের দিকে শুরু হওয়া এ অগ্নিকাণ্ডে খুঁটির নিচে ফুটপাত দখল করে থাকা কয়েকটি দোকান আংশিকভাবে পুড়ে যায়। তবে ঘটনায় কেউ আহত হয়নি বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিসের মিডিয়া অফিসার আনোয়ারুল ইসলাম দোলন জানান, আগুনের খবর পেয়ে দুইটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে ঠিক কতটুকু ক্ষতি হয়েছে তা তাৎক্ষণিকভাবে বলা যায়নি।
সামাজিক যোগাযোগমাধ্যমে আসা একটি ভিডিওতে দেখা যায়—বৈদ্যুতিক খুঁটি থেকে আগুন ছড়িয়ে পড়ছে, নিচে থাকা দোকানিরা তাড়াহুড়ো করে মালামাল সরিয়ে নিচ্ছেন। আগুনের ছিটকানিতে কয়েকটি দোকানের অংশ বিশেষ পুড়ে গেছে।
এলএনডি/এমআর






