দশম গ্রেডসহ তিন দফা দাবি বাস্তবায়ন ও শাহবাগে শিক্ষকদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। আজ রবিবার (৯ নভেম্বর) থেকে সারা দেশের প্রায় ৬৫ হাজারেরও বেশি বিদ্যালয়ে পাঠদান বন্ধ রয়েছে। একই সঙ্গে শিক্ষকরা রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি চালিয়ে যাচ্ছেন।
গতকাল শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক ও প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির সভাপতি শামসুদ্দিন মাসুদ এ ঘোষণা দেন।
তিনি বলেন, “আমাদের দাবি বাস্তবায়ন এবং পুলিশি হামলার প্রতিবাদে রবিবার থেকে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে পূর্ণদিবস কর্মবিরতি পালন করা হবে। একইসঙ্গে শহীদ মিনারে অবস্থান কর্মসূচিও চলবে।”
এর আগে বিকেলে রাজধানীর শাহবাগে ‘কলম বিসর্জন’ কর্মসূচি চলাকালে পুলিশ শিক্ষকদের ওপর সাউন্ড গ্রেনেড, টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে বহু শিক্ষক আহত হন এবং এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে শিক্ষকরা ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আশ্রয় নেন। প্রত্যক্ষদর্শীরা জানান, সাউন্ড গ্রেনেড বিস্ফোরণের পর অনেক শিক্ষক অসুস্থ হয়ে পড়েন।
শিক্ষকদের তিন দফা দাবিগুলো হলো—
সহকারী শিক্ষকদের দশম গ্রেডে বেতন প্রদান।
উচ্চতর গ্রেড সংক্রান্ত জটিলতার স্থায়ী সমাধান।
সহকারী শিক্ষকদের শতভাগ বিভাগীয় পদোন্নতির নিশ্চয়তা।
এলএনডি/এমআর






