জাতির ইতিহাসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের অবদান স্বর্ণাক্ষরে লেখা থাকবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, “গত ১৫ মাসে উপদেষ্টারা দেশের সংকটকালে নেতৃত্ব দিয়েছেন এবং প্রশংসনীয় ভূমিকা রেখেছেন। তারা যে নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করেছেন, তা ইতিহাসে স্বর্ণাক্ষরে স্থান পাবে।”
সম্প্রতি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান।
শফিকুল আলম আরও বলেন, “আমরা এখন প্রায় সফলতার দ্বারপ্রান্তে। পুরনো বাংলাদেশের ঘাট আমরা দেখতে পাচ্ছি, আর কিছুদিনের মধ্যেই সেখানে পৌঁছানো যাবে। বহু অনিশ্চয়তা কেটে গিয়ে এখন এক স্বচ্ছ আকাশ দেখা যাচ্ছে। আমরা আশা করছি, একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে।”
তিনি আরও জানান, “অন্তর্বর্তী সরকারের দায়িত্ব ছিল সংস্কার কার্যক্রম সম্পন্ন করা, জুলাই-আগস্টের সময়কার গুম-খুনের বিচার করা এবং সুষ্ঠু নির্বাচনের আয়োজন করা—এগুলোর বেশিরভাগই সম্পন্ন হয়েছে। কয়েকটি দল ছাড়া প্রায় সবাই জুলাই সনদে স্বাক্ষর করেছে। আশা করছি, অচিরেই নির্বাচন কার্যক্রম শেষ করে জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দিতে পারব।”
এলএনডি/এমআর






