বেসরকারি টেলিভিশন মাইটিভির চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক নাসির উদ্দিন সাথী এবং তার ছেলে কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদিকে এবার হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়েছে আদালত।
সোমবার (২০ অক্টোবর) ঢাকার মহানগর হাকিম জি.এম. ফারহান ইশতিয়াক তদন্ত কর্মকর্তার আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন পুলিশের এসআই জাকির হোসেন।
এর আগে রবিবার (১৯ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক গোলাম কিবরিয়া খান আসামিদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। আদালত শুনানির জন্য সোমবার দিন ধার্য করে আসামিদের উপস্থিতিতে গ্রেফতার দেখানোর নির্দেশ দেন।
মামলার অভিযোগপত্রে বলা হয়েছে, গত বছরের ২০ জুলাই মধ্যবাড্ডার ইউলুপ এলাকায় সরকারবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের ওপর হামলা চালানো হয়। গুলিতে দুর্জয় নামে এক ব্যক্তি দৃষ্টিশক্তি হারান এবং গুরুতর আহত হন। পরে পথচারীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
ওই ঘটনায় গত বছরের ২০ নভেম্বর দুর্জয় বাড্ডা থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৯০ জনের নামে মামলা করেন।
উল্লেখ্য, ১৭ আগস্ট গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরপর যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় তাকে পাঁচ দিনের রিমান্ডে পাঠানো হয়। রিমান্ড শেষে ২৩ আগস্ট তিনি কারাগারে যান।
২৪ আগস্ট বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকেও গ্রেফতার করে সিআইডি পুলিশ, পরদিন আদালত তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে ৩০ আগস্ট তাকেও কারাগারে পাঠানো হয়। এবার বাবা-ছেলেকে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
এলএনডি/এমআর






