আফগানিস্তানের কান্দাহার প্রদেশের স্পিন বোলদাক শহরে পাকিস্তানের বিমান বাহিনীর হামলায় কমপক্ষে ৪০ জন নিহত এবং অন্তত ১৭০ জন আহত হয়েছেন।
সীমান্তবর্তী এই শহরটি আফগানিস্তান ও পাকিস্তানের সংযোগস্থলে অবস্থিত। স্থানীয় গণমাধ্যম তোলো নিউজ জানায়, স্পিন বোলদাকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা করিমুল্লাহ জুবাইর আগার বরাতে জানা গেছে, হতাহতদের সবাই বেসামরিক নাগরিক, যাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই বেশি।
প্রতিবেদনে বলা হয়, গত ১১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত দুই দেশের সীমান্তে টানা সংঘাত ও পাল্টা হামলার পর ১৫ অক্টোবর থেকে দুই দিনের যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ১৭ অক্টোবর শুক্রবার স্থানীয় সময় দুপুরের পর যুদ্ধবিরতি শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই পাকিস্তান নতুন করে বিমান হামলা চালায়।
হামলায় আহত স্থানীয় বাসিন্দা হাজি বাহরাম নামে এক ব্যক্তি তোলো নিউজকে বলেন, “আমার জীবনে এমন নৃশংসতা দেখিনি। যারা নিজেদের মুসলিম বলে দাবি করে, তারা নারী-শিশুসহ সাধারণ মানুষকে লক্ষ্য করে হামলা চালিয়েছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহতদের মরদেহ স্পিন বোলদাক জেলার কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজা ও দাফনে শত শত মানুষ অংশ নেন।
এলএনডি/এমআর






