আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে জামায়াতসহ কয়েকটি রাজনৈতিক দলের দাবির বিরোধিতা করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “পিআর-টিআর বাদ দিয়ে বাস্তবতার কথা ভাবুন। জনগণ যাকে ভোট দেবে, যারা সংখ্যাগরিষ্ঠ হয়ে আসবে, তারাই সরকার গঠন করবে এবং পরে প্রয়োজন হলে এ ধরনের প্রস্তাব নিয়ে ভাবা যাবে।”
বৃহস্পতিবার দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট ঈদগাহ মাঠে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমরা কারো বিরোধিতা করছি না, শুধু আমাদের অবস্থান স্পষ্ট করছি।”
অন্তর্বর্তীকালীন সরকারের বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “এই সরকারকে অকারণে বেশি ব্যস্ত করে তোলার মানে নেই। কিছু দল চায় যেন নির্বাচনের পথ বন্ধ হয়ে যায়, কিন্তু দেশের মানুষ নির্বাচন চায়, তারা ভোট দিতে চায়।”
নির্বাচনের ব্যাপারে দলটির অবস্থান পুনর্ব্যক্ত করে মির্জা ফখরুল বলেন, “ভোট নিয়ে কোনো আপস নয়। জনগণ তাদের মতামত ব্যালটের মাধ্যমে জানাবে।”
বিএনপি সরকার গঠন করলে কী কী উদ্যোগ নেওয়া হবে, সে প্রসঙ্গে তিনি বলেন, “৩১ দফা বাস্তবায়ন করা হবে, চালু করা হবে ফ্যামিলি কার্ড ব্যবস্থা এবং শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ করা হবে।”
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি এসএম আবুল কাশেম আজাদ। এতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলী, সদর উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হামিদ, ওবায়দুল্লাহ মাসুদসহ স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতাকর্মীরা।
এলএনডি/এমআর






