সড়কের পানিতে মাছ ছেড়ে প্রতিবাদ হাসনাত আবদুল্লাহর

Liberty News Desk
ছবি : সংগৃহীত

সড়ক সংস্কারের দাবিতে কুমিল্লার দেবিদ্বার-চান্দিনা সড়কে অনন্য এক প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। শুক্রবার (১০ অক্টোবর) সকালে দেবিদ্বার উপজেলার কাচিশাইর বাজারের সামনে তিনি ভাঙাচোরা সড়কে মাছ ছেড়ে প্রতীকী প্রতিবাদ জানান।

হাসনাত আবদুল্লাহ বলেন, “এই রাস্তায় মানুষ নিয়মিত যাতায়াত করে, কিন্তু রাস্তাটির বেহাল অবস্থার কারণে দুর্ঘটনা ঘটছে। কিছু দিন আগে এখানেই এক তরুণের মৃত্যু হয়েছে। রাস্তা ঠিক না করলে অন্তত মাছ চাষের উপযোগী করে দিন—তাতে মানুষ কিছু মাছ খেতে পারবে।”

তিনি আরও বলেন, “দেবিদ্বারের সড়কগুলো এমন অবস্থায় আছে যে, মাছ চাষ করলেও অবাক হওয়ার কিছু নেই। আমি আজ মাছ ছেড়েছি, চাইলে আপনারাও ছাড়ুন—দেখি কিছু হয় কি না।”

এলাকাবাসীর অভিযোগ, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ককে কুমিল্লা-সিলেট মহাসড়কের সঙ্গে যুক্ত করা এই দেবিদ্বার-চান্দিনা সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে। প্রায় ১৫ কিলোমিটারজুড়ে বড় বড় গর্ত আর ভাঙা অংশে চলাচল করতে গিয়ে প্রতিদিন দুর্ঘটনার শিকার হচ্ছেন যাত্রীরা।

এদিকে, দেবিদ্বার নিউমার্কেট এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কের সংস্কারকাজ ২০ অক্টোবরের মধ্যে শুরু না হলে সড়কে যান চলাচল বন্ধ করে ধান চাষের হুমকি দেওয়া একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) ভাইরাল হওয়া দুই মিনিট দুই সেকেন্ডের সেই অডিওতে কথোপকথনটি হয় এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ এবং কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রধান নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফার মধ্যে।

অডিওতে হাসনাত আবদুল্লাহকে বলতে শোনা যায়, “২০ অক্টোবরের মধ্যে দেবিদ্বারের কাজ শুরু না হলে কোনো গাড়ি চলবে না। নিউমার্কেটের দিকের রাস্তা তো ধান চাষের উপযোগী—ধান লাগাব, মাছ চাষও করব, একটি গাড়িও যেতে দেব না।”

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন