ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক

Liberty News Desk
সংগৃহীত ছবি

স্থানীয় সরকার বিশেষজ্ঞ, গবেষক এবং স্থানীয় সরকার সংস্কার কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. তোফায়েল আহমেদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

এক শোকবার্তায় প্রফেসর ইউনূস বলেন, অধ্যাপক তোফায়েল আহমেদ ছিলেন বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থার গবেষণাক্ষেত্রে পথিকৃৎদের একজন। ২০২৪ সালে গঠিত অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান হিসেবে তিনি নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর প্রস্তাবনা ছিল গঠনমূলক, বাস্তবভিত্তিক ও সময়োপযোগী, যা দেশের বিকেন্দ্রীকৃত শাসনব্যবস্থা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

প্রধান উপদেষ্টা আরও বলেন, অধ্যাপক তোফায়েল আহমেদ ছিলেন স্থানীয় সরকার, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ ও গণতান্ত্রিক শাসন ব্যবস্থার এক নিবেদিতপ্রাণ গবেষক ও লেখক। বাংলা ও ইংরেজি উভয় ভাষায় স্থানীয় সরকার ও রাজনীতি বিষয়ে তাঁর প্রায় ২০টি গ্রন্থ এবং অসংখ্য গবেষণা প্রবন্ধ ভবিষ্যত প্রজন্মের জন্য জ্ঞানচর্চার উৎস হয়ে থাকবে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের এই অবসরপ্রাপ্ত অধ্যাপক জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশে স্থানীয় শাসন উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। প্রফেসর ইউনূস বলেন, “দেশ এক প্রজ্ঞাবান, সৎ ও নিবেদিতপ্রাণ গবেষককে হারালো।”

তিনি মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং তাঁর শোকাহত পরিবার, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য ও বিশিষ্ট স্থানীয় সরকার বিশেষজ্ঞ অধ্যাপক ড. তোফায়েল আহমেদ বুধবার (৮ অক্টোবর) রাত ৯টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০২৪ সালের অক্টোবরে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময় তিনি নির্বাচনি সংস্কার কমিশনের সদস্য হিসেবে এবং পরবর্তীতে স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন