ব্যাটিং ব্যর্থতায় হার নিয়ে সিরিজ শুরু বাংলাদেশের

Liberty News Desk
ছবি : সংগৃহীত

ওয়ানডে ক্রিকেটে এখন ৩০০ থেকে ৩৫০ রানের স্কোর নিয়মিত দৃশ্য। সেখানে ২২১ রানের টার্গেট আধুনিক ক্রিকেটে বেশ সামান্যই। এমন লক্ষ্য তাড়া করতে গিয়ে কোনো ভুল করেনি আফগানিস্তান। রহমানউল্লাহ গুরবাজ ও রহমত শাহর ফিফটির ওপর ভর করে ৫ উইকেট হাতে রেখে সহজ জয় পেয়েছে তারা। তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেই হেরে শুরু করতে হলো বাংলাদেশকে।

বুধবার আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তবে তার সেই সিদ্ধান্তের সার্থকতা দেখাতে পারেননি ব্যাটাররা।

মাত্র ৫৩ রানের মধ্যেই ফিরে যান তিন টপ অর্ডার ব্যাটার — সাইফ হাসান (২৬), তানজিদ তামিম (১০) ও নাজমুল হোসেন শান্ত (২)। এরপর দলের হাল ধরেন তাওহীদ হৃদয় ও অধিনায়ক মিরাজ। তাদের জুটিতে আসে ১০১ রান, যা কিছুটা আশার আলো দেখায়।

কিন্তু দলীয় ১৫৪ রানে হৃদয় (৫৬) রানআউট হতেই ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনআপে। শেষ সাত উইকেট যায় মাত্র ৬৭ রানে। রশিদ খানের বলে এলবিডব্লিউ হওয়ার আগে মিরাজ দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন। ইনিংস থামে ৪৮.৫ ওভারে ২২১ রানে।

আফগানিস্তানের হয়ে রশিদ খান ও আজমতউল্লাহ ওমরজাই নেন তিনটি করে উইকেট।

রান তাড়ায় নেমে আফগানদের দারুণ সূচনা এনে দেন রহমানউল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। উদ্বোধনী জুটিতে আসে ৫২ রান। এরপর তানভীর ইসলামের বলে স্টাম্পড হয়ে ফেরেন ইব্রাহিম (২৩)। পরের ব্যাটার সেদিকউল্লাহ আতাল (৫) দ্রুত আউট হলে কিছুটা চাপ তৈরি হয়।

তবে এরপর রহমত শাহর সঙ্গে ৭৮ রানের জুটি গড়ে ম্যাচকে নিজেদের করে নেন রহমানউল্লাহ। দুজনেই তুলে নেন ফিফটি। তবে দলীয় ১৩৬ রানে পরপর দুই ওভারে ফেরেন তারা — রহমত (৫০) আউট হন মিরাজের হাতে ক্যাচ দিয়ে, আর রহমানউল্লাহর (৫০) স্টাম্প ভাঙেন মিরাজ নিজেই।

পরে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি ও অলরাউন্ডার আজমতউল্লাহ ওমরজাই গড়েন ৫৯ রানের জুটি, যা জয়ের পথ আরও মসৃণ করে দেয়। আজমতউল্লাহ ৪০ রানে আউট হলেও শহীদি অপরাজিত থাকেন ৩৩ রানে এবং দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

বাংলাদেশের পক্ষে সবচেয়ে সফল বোলার ছিলেন তানজিম হাসান সাকিব, যিনি ৭ ওভারে ৩১ রানে ৩ উইকেট নেন।

আগামী ১১ অক্টোবর, একই ভেন্যুতে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে মেহেদী হাসান মিরাজের দল — সিরিজ বাঁচাতে জয়ের কোনো বিকল্প নেই টাইগারদের সামনে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন