বাংলাদেশ জামায়াতে ইসলামী জানিয়েছে, আলেম সমাজকে নিয়ে মাওলানা তারেক মনোয়ার সম্প্রতি যে মন্তব্য করেছেন, তা দলের নয়, সম্পূর্ণ তার ব্যক্তিগত মতামত। এ বক্তব্যের দায় জামায়াত বহন করবে না বলে স্পষ্ট করেছে দলটি। পাশাপাশি জামায়াত অভিযোগ করেছে—এই বক্তব্যকে কেন্দ্র করে একটি মহল পরিকল্পিতভাবে দলটিকে বিতর্কিত করার অপচেষ্টা চালাচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা জানানো হয়।
দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত ওই বার্তায় বলা হয়েছে, কয়েক দিন আগে সিরাতুন্নবী (সা.) মাহফিল উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মাওলানা তারেক মনোয়ার আলেম সমাজকে ঘিরে কিছু বক্তব্য দেন। উক্ত বক্তব্য ছিল সম্পূর্ণ তার নিজের; এর সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামী বা দলের অবস্থানের কোনো সম্পর্ক নেই। তিনি এরই মধ্যে নিজের মন্তব্যের জন্য অনুতাপ প্রকাশ করেছেন। তবুও তার বক্তব্যের দায় জামায়াতের ওপর চাপিয়ে দেওয়া অনভিপ্রেত ও উদ্দেশ্যপ্রণোদিত।
এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, জামায়াতে ইসলামী বরাবরই আলেম সমাজের প্রতি গভীর শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করে এসেছে। মুসলিম উম্মাহর পথপ্রদর্শক হিসেবে আলেমরা সবসময় জাতিকে সঠিক দিকনির্দেশনা দিয়েছেন, ইসলামের আলো ছড়িয়েছেন। তাদের মর্যাদা ক্ষুণ্ন করে এমন কোনো অবস্থান দলটি কখনো নেয়নি এবং ভবিষ্যতেও নেবে না।
তিনি আরও বলেন, এ ঘটনায় জামায়াতকে বিতর্কিত করার কোনো যৌক্তিকতা নেই, কারণ বিষয়টি পুরোপুরি ব্যক্তিগত এবং দলের অবস্থানের সঙ্গে সম্পর্কহীন।
এলএনডি/এমআর






