আগামী বছরের হজের জন্য তিনটি প্যাকেজ ঘোষণা করেছে সরকার। সর্বনিম্ন খরচ নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা। বিমান ভাড়া কমায় এবার হজের ব্যয় গত বছরের তুলনায় কিছুটা হ্রাস পাচ্ছে।
রোববার ধর্ম মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে হজ প্যাকেজ-২০২৬ ঘোষণা করেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্যাকেজ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়।
সরকারি ব্যবস্থাপনায় ঘোষিত তিনটি প্যাকেজের মধ্যে—
- প্যাকেজ ৩ (সর্বনিম্ন): ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা
- প্যাকেজ ২: ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা
- প্যাকেজ ১: ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা
আবাসনের দূরত্ব অনুযায়ী প্যাকেজগুলো নির্ধারণ করা হয়েছে—
- প্যাকেজ ১: মসজিদুল হারাম থেকে প্রায় ৭০০ মিটার দূরে
- প্যাকেজ ২: মসজিদুল হারামের ১ দশমিক ৭ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে
- প্যাকেজ ৩: আজিজিয়া এলাকায় অবস্থান
ধর্ম উপদেষ্টা জানান, এবার হজযাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে বিমান ভাড়াও কমানো হয়েছে। গত বছর বিমান ভাড়া ছিল ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা, এবার তা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৮৩০ টাকা নির্ধারণ করা হয়েছে।
তিনি আরও জানান, ৭০ বা ৮০ বছরের ঊর্ধ্বে কোনো হজযাত্রী গেলে তাঁর সঙ্গে ৫০ বছরের নিচে একজন সহযাত্রী থাকতে হবে। এছাড়া সংক্রামক রোগে আক্রান্ত কেউ হজে অংশ নিতে পারবেন না।
২০২৬ সালে বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালনের সুযোগ পাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে অনুষ্ঠিত হবে পবিত্র হজ। ২৭ জুলাই শুরু হয়ে ১২ অক্টোবর পর্যন্ত চলবে হজ নিবন্ধন কার্যক্রম।
এলএনডি/এমআর






