বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ভারতীয় সংবাদমাধ্যম ‘এই সময়’-কে তিনি কোনো সাক্ষাৎকার দেননি। তার ভাষ্যে, সেখানে ভুলভাবে বক্তব্য প্রকাশ করা হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তিনি বলেন, পত্রিকাটির সঙ্গে কথা হলেও তা সাক্ষাৎকার ছিল না। বিশেষ করে জামায়াতে ইসলামীর কাছে ৩০টি আসন দেওয়ার প্রসঙ্গে কোনো মন্তব্য তিনি করেননি। তার ভাষায়, “এমন কথা বলার প্রশ্নই আসে না।”
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে কথা বলতে গিয়ে মির্জা ফখরুল আবারও স্পষ্ট করে বলেন, “আমি ওই পত্রিকাকে কোনো সাক্ষাৎকার দিইনি। কিছু আলোচনা হয়েছিল, তবে এ ধরনের মন্তব্য করিনি।”
আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার বিষয়ে প্রশ্ন করা হলে ফখরুল জানান, আওয়ামী লীগের প্রসঙ্গে তারা আগেই নিজেদের অবস্থান পরিষ্কার করেছেন।
এদিকে নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাতেও প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপি মহাসচিব। এ নিয়ে তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সমালোচনা করেন।
ফখরুল মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন— “নিউইয়র্ক বিমানবন্দরে যা ঘটেছে, তা প্রমাণ করে আওয়ামী লীগ তাদের অন্যায়ের জন্য অনুশোচনা করে না।”
তিনি আরও লিখেছেন— “আওয়ামী লীগ এ পর্যন্ত যা করেছে, তার সবকিছুরই বিচার হবে আইনের মাধ্যমে। দল ও দেশের স্বার্থে ধৈর্য ধরুন।”
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে অংশ নিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী হয়ে আখতার হোসেন নিউইয়র্কে যান। স্থানীয় সময় ২২ সেপ্টেম্বর বিকেল ৫টার দিকে বিমানবন্দরের ৪ নম্বর টার্মিনাল থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।
সে সময় আখতার হোসেনের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা। স্থানীয় আওয়ামী লীগের সমর্থকেরা তাসনিম জারাকে লক্ষ্য করে কটূক্তি করেন এবং সেখানে বিক্ষোভও হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সবাই গাড়িতে ওঠার পর আওয়ামী লীগের সমর্থকেরা গাড়ির সামনে শুয়ে পড়েন এবং ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। নিউইয়র্ক পুলিশ তখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে।
এর আগে দুপুর থেকেই বিএনপি ও আওয়ামী লীগের সমর্থকেরা বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে জড়ো হয়ে পাল্টাপাল্টি স্লোগান দিচ্ছিলেন।
এ ঘটনায় পরবর্তী সময়ে যুবলীগ কর্মী মিজানুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে বিএনপির এক কর্মীকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ রয়েছে।
এলএনডি/এমআর






