নদীর পানি বাড়ছে, বন্যা নিয়ে নতুন সতর্কবার্তা

Liberty News Desk

দেশের বিভিন্ন নদ-নদীর পানি ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের কারণে বাড়তে শুরু করেছে। এতে অন্তত নয়টি জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। এছাড়া রংপুর ও রাজশাহীর কিছু এলাকায় ভারী বৃষ্টি হয়েছে। উজানে ভারতের পশ্চিমবঙ্গ, মেঘালয়, আসাম ও সিকিমেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগ এবং ভারতের মেঘালয়, আসাম, পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার ও ত্রিপুরার কিছু এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ অবস্থায় সুরমা ও কুশিয়ারা নদীর পানি আগামী দুই দিনে আরও বাড়তে পারে এবং বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি হতে পারে।

রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানিও বেড়েছে, যা আগামী দুই দিনে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। এ সময়ে তিস্তা ও দুধকুমারের পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে এবং ধরলার পানি সতর্কসীমার কাছাকাছি থাকতে পারে। এর ফলে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে।

চট্টগ্রাম বিভাগের গোমতী নদীর পানি বেড়েছে, তবে মুহুরী, সেলোনিয়া, সাঙ্গু, ফেনী, হালদা ও মাতামুহুরী নদীর পানি কিছুটা কমেছে। আগামী একদিন এসব নদীর পানি আবার বাড়তে পারে। এ সময়ে মুহুরী, সেলোনিয়া, ফেনী ও হালদার পানি সতর্কসীমার কাছাকাছি থাকতে পারে, যার ফলে ফেনী ও চট্টগ্রামের কিছু নিম্নাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এছাড়া সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের সারিপোয়াইন, যাদুকাটা, সোমেশ্বরী, ভুলাই ও কংস নদীর পানিও গত ২৪ ঘণ্টায় বেড়েছে। আগামী দুই দিনে এসব নদীর পানি আরও বাড়তে পারে এবং সিলেট, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার নদীগুলোতে সতর্কসীমার কাছাকাছি পৌঁছাতে পারে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন