ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে চলমান অবরোধ কর্মসূচির আজ তৃতীয় দিন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল থেকে ঢাকা-বরিশাল ও ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
তবে সকাল ৯টার দিকে পুখুরিয়া এলাকায় অবরোধের চেষ্টা করলে পুলিশ সড়ক থেকে আন্দোলনকারীদের সরিয়ে দেয়।
প্রস্তাবিত ভাঙ্গা রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সাফুর আহমেদ জানান, রেলপথ সচল রয়েছে। সকাল থেকে কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। ইতোমধ্যে খুলনা থেকে নকশিকাঁথা কমিউটার ও জাহানাবাদ এক্সপ্রেস ঢাকায় পৌঁছেছে এবং সুন্দরবন এক্সপ্রেস খুলনার উদ্দেশ্যে গিয়েছে।
ভাঙ্গা থানার ওসি মোহাম্মদ আশরাফ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ মাঠে কাজ করছে।
এদিকে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল মল্লিক। তিনি সাংবাদিকদের বলেন, যারা সহিংসতা করছে, তাদের আইনের আওতায় আনা হবে। জেলা ও পুলিশ প্রশাসনের সঙ্গে সমন্বয় করে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
উল্লেখ্য, ফরিদপুর-৪ আসন থেকে ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়ন কেটে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে একের পর এক তিন দিনের সড়ক অবরোধ কর্মসূচি ডাকা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দ্বিতীয় ধাপের কর্মসূচির তৃতীয় দিন।
গত সোমবার সকালে পরিস্থিতি শান্ত থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা বেলা ১১টা থেকে সড়ক অবরোধ শুরু করে। এরপর বিক্ষোভকারীরা ভাঙ্গা থানা ও উপজেলা পরিষদে হামলা চালায় ও ভাঙচুর করে।
দুপুরের দিকে এক্সপ্রেসওয়েতে অবস্থান নেওয়া বিক্ষুব্ধরা লাঠিসোঁটা হাতে দক্ষিণপাড়া বাসস্ট্যান্ডের দিকে গেলে পুলিশ পিছু হটে ঈদগাহ মারকাজ মসজিদে আশ্রয় নেয়। কিন্তু সেখানেও হামলার শিকার হয়। পরে আন্দোলনকারীদের আরেক দল থানায়, আরেক দল উপজেলা পরিষদে গিয়ে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। সরকারি বিভিন্ন দপ্তরের কক্ষও ভাঙচুর করা হয়।
এলএনডি/এমআর






