ফরিদপুরে মহাসড়ক অবরোধের ঘটনায় ২৪০ জনের বিরুদ্ধে মামলা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে চলমান অবরোধ ও বিক্ষোভকে ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অশান্ত হওয়ার অভিযোগে পুলিশ মামলা করেছে। এতে ৯০ জনকে নাম উল্লেখ করে আসামি করা হয়েছে এবং আরও ১৫০ জনকে অজ্ঞাত আসামি হিসেবে রাখা হয়েছে।

রবিবার রাত ১০টার দিকে ভাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বাদী হয়ে আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইনে মামলাটি দায়ের করেন। বিষয়টি ভাঙ্গা থানার ওসি মো. আশরাফ হোসেন নিশ্চিত করেছেন।

মামলায় সর্বদলীয় ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক ও আলগী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়াকে (৬০) প্রথম আসামি করা হয়েছে। তাকে শনিবার গভীর রাতে নগরকান্দা থানার চাঁদহাট এলাকা থেকে ডিবি পুলিশ আটক করে। দ্বিতীয় আসামি করা হয়েছে হামিরদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খোকন মিয়াকে।

এজাহারে বলা হয়েছে, গত ১১ সেপ্টেম্বর সকালে ম. ম. সিদ্দিক মিয়ার নেতৃত্বে কয়েকজন আলগী ইউনিয়নের সোয়াদী এলাকায় জড়ো হয়ে ঢাকা-খুলনা মহাসড়ক অবরোধ করেন। তারা গাছ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে ভয়ভীতি সৃষ্টি করেন এবং যান চলাচলে বাধা দেন। পুলিশ বাধা দিলে তারা আক্রমণাত্মক হয়ে ওঠে, পরে ধাওয়া দিলে সরে যায়।

এর আগে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদি ইউনিয়নকে কেটে ফরিদপুর-২ আসনে সংযুক্ত করার সিদ্ধান্তের প্রতিবাদে স্থানীয়রা মহাসড়ক ও রেলপথ সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অবরোধের ডাক দেয়।

তবে রবিবার মহাসড়কে কোনো আন্দোলনকারীকে দেখা যায়নি, যান চলাচল ছিল স্বাভাবিক। নিরাপত্তা নিশ্চিত করতে ২০টি গুরুত্বপূর্ণ স্থানে বিপুলসংখ্যক পুলিশ, এপিবিএন, র‌্যাব ও সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতও দায়িত্ব পালন করছে।

উল্লেখ্য, গত ৪ আগস্ট নির্বাচন কমিশনের প্রকাশিত গেজেটে ফরিদপুর-৪ আসনের ভাঙ্গার আলগী ও হামিরদি ইউনিয়নকে ফরিদপুর-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়। এর প্রতিবাদে গত পাঁচ দিনে তিন দফায় ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক এবং রেলপথ অবরোধ করেছেন স্থানীয়রা। এতে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ ভোগান্তিতে পড়েন। সর্বশেষ রবিবার দিনভর অবরোধ পালন করা হয় এবং সোমবার ও মঙ্গলবারও অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

TAGGED:
শেয়ার করুন