স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন জাতীয় নির্বাচনের একটি মডেল হিসেবে বিবেচিত হতে পারে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) আইনশৃঙ্খলা বিষয়ক উপদেষ্টা পরিষদের সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “ভোটগ্রহণ চলাকালে কোনও গুরুতর পাল্টা অভিযোগ পাওয়া যায়নি। উপাচার্যের কাছ থেকেও জানতে পেরেছি, যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে। সকাল থেকে গণমাধ্যমে যা দেখেছি, সব কিছু স্বাভাবিকভাবে চলছে।”
ডাকসুর পর জাকসু এবং পরবর্তী জাতীয় নির্বাচন সামনে রেখে এ প্রক্রিয়া কি মডেল হিসেবে কাজ করবে জানতে চাইলে তিনি বলেন, “এখানে যারা ভোট দিচ্ছেন তারা উচ্চশিক্ষিত সমাজের অংশ। জাতীয় নির্বাচনের পরিস্থিতি ভিন্ন হলেও এ অভিজ্ঞতা অবশ্যই একটি মডেল হিসেবে ভূমিকা রাখবে। কারণ এখানে প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারা সবাই উচ্চ শিক্ষায় শিক্ষিত, জাতীয় পর্যায়ে তা সবসময় সম্ভব হয় না।”
তিনি আরও বলেন, “অনেক বছর পর ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আমরা আশা করি এটি সুষ্ঠুভাবে সম্পন্ন হবে এবং ভবিষ্যতের জন্য ইতিবাচক উদাহরণ সৃষ্টি করবে।”
এদিনের বৈঠকে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর প্রস্তুতি ও প্রশিক্ষণ নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম।
এলএনডি/এমআর






