রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা একটি মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখা এক সংক্ষিপ্ত বার্তায় এ তথ্য জানায়। সাম্প্রতিক সময়ে বিভিন্ন টেলিভিশন টকশোতে অংশ নিয়ে আলোচনায় আসেন শহীদ খান।
প্রাপ্ত তথ্যে বলা হয়েছে, শহীদ খানসহ মোট ছয়জনকে আটক করেছে ডিবি। এর মধ্যে পাঁচজন ঝটিকা মিছিলে অংশ নিয়েছিলেন বলে দাবি করেছে পুলিশ।
তবে কবে ও কোথা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে ডিএমপির পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।
ডিএমপি জানিয়েছে, রাজধানীতে হঠাৎ মিছিল করে নাশকতা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগে অভিযান চালানো হয়। এ সময় সাবেক সচিব শহীদ খানসহ ছয়জনকে আটক করে আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।
এলএনডি/এমআর





