মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়নের কাঠাদিয়া গ্রামে অতিরিক্ত মদ্যপানের কারণে চারজনের মৃত্যু হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। এ ঘটনায় আরও তিনজন অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত থেকে শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত একে একে চারজনের মৃত্যু হয় এবং সেখানেই জানাজা সম্পন্ন করা হয়। একই দিনে সমবয়সী কয়েকজনের মৃত্যুর ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
নিহতরা হলেন— কাঠাদিয়া গ্রামের বাচ্চু বেপারী (৬৫), ইব্রাহিম মুন্সী (৭০), রহমত উল্লাহ বেপারী (৬৮) এবং মহাকালী ইউনিয়নের ঘাসিপুকুরপাড় এলাকার হোসেন ডাক্তার (৬৫)।
অন্যদিকে হাসপাতালে ভর্তি রয়েছেন রহমতুল্লাহ (৬৫), আল আমিন সরকার (৪৫) ও সিজান বেপারী (২৬)।
কাঠাদিয়া-শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনিছুর রহমান ঘটনাটি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত মদ্যপানের কারণে এ প্রাণহানি ঘটেছে।
এ বিষয়ে টঙ্গীবাড়ী থানার ওসি মহিদুল ইসলাম জানান, বিষয়টি তাদের কাছে আনুষ্ঠানিকভাবে আসেনি। খোঁজ নিয়ে দেখা হচ্ছে।
এলএনডি/এমআর






