মালয়েশিয়ায় নানা কর্মসূচিতে উদযাপিত হচ্ছে ঈদে মিলাদুন্নবী (সা.)

Liberty News Desk
ছবি : সংগৃহীত

প্রতি বছরের মতো এবারও মালয়েশিয়ায় গভীর ধর্মীয় আবেগ ও মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। দেশটিতে দিবসটি ‘মওলিদুর রাসুল’ নামে পরিচিত। এ উপলক্ষে আয়োজিত নানা কর্মসূচির মাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করেন মুসলিম সম্প্রদায়।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) স্থানীয় সময় সকালে পুত্রাজায়া আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয় মূল সমাবেশ। ‘পেম্বাংগুন উম্মাহ মাদানি’ শীর্ষক এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালয়েশিয়ার রাজা সুলতান ইব্রাহিম, রাণী রাজা জরিথ সোফিয়া, প্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম ও তার সহধর্মিণী দাতিন সেরি ড. ওয়ান আজিজাহ। এছাড়া প্রধানমন্ত্রীর দপ্তরের ধর্মবিষয়ক মন্ত্রী দাতুক ড. মোহাম্মদ নাঈম মোক্তারও যোগ দেন অনুষ্ঠানে।

রাজা সুলতান ইব্রাহিম দেশবাসীর উদ্দেশে বলেন, নবী করিম (সা.)-এর শিক্ষা ও ইসলামি নীতিমালা অনুসরণ করলে মালয়েশিয়া ঐক্য ও সাফল্যের পথে আরও এগিয়ে যাবে। তিনি সমাজে শান্তি ও ভ্রাতৃত্ব বজায় রাখতে রাসুলের আদর্শ অনুসরণের আহ্বান জানান।

প্রধানমন্ত্রীর ধর্মবিষয়ক দপ্তরের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের শতাধিক দল অংশ নেয়। হাজারো অংশগ্রহণকারীর কণ্ঠে নবীর দরুদ ও সালাম ধ্বনিত হয়। সরকারি ছুটির কারণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ মানুষও এতে যোগ দেন।

অনুষ্ঠানে প্রদান করা হয় জাতীয় ‘মওলিদুর রাসুল পুরস্কার’। এ বছর সম্মাননা পেয়েছেন তাবুং হাজী বোর্ডের চেয়ারম্যান আব্দুল রশিদ হুসেন (তোকোহ পেরদানা ক্যাটাগরি), উদ্যোক্তা ও সামাজিক যোগাযোগমাধ্যম প্রভাবশালী খায়রুল আমিং (টেকনোক্র্যাট ক্যাটাগরি) এবং ধর্মান্তরিত অভিনেত্রী অ্যাঞ্জেলিন ট্যান (চমৎকার নবদম্পতি ক্যাটাগরি)।

পুত্রাজায়ার পাশাপাশি সারওয়াক, জোহর, মেলাকা, নেগেরি সেম্বিলান, তেরেঙ্গানু, পেরাক, কেদাহ, পাহাং, সেলাঙ্গর ও পেনাং প্রদেশেও ব্যাপকভাবে ঈদে মিলাদুন্নবী উদযাপিত হচ্ছে। র‍্যালি ও দোয়া মাহফিলে অংশ নিচ্ছেন সব বয়সের মানুষ। অনেক স্থানে প্রবাসী বাংলাদেশিরাও বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করেছেন।

সব অনুষ্ঠানেই ফিলিস্তিনসহ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন