বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সোমবার রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এ সময় তিনি সম্প্রতি শেষ হওয়া চীন সফরের অভিজ্ঞতা ও আলোচনার বিষয়ে তাদের অবহিত করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, সকাল ১১টার দিকে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন সেনাপ্রধান। নিয়ম অনুযায়ী, সরকারিভাবে বিদেশ সফর শেষে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক রাষ্ট্রপতিকে এ বিষয়ে অবহিত করা হয়ে থাকে। বৈঠকে তিনি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কেও রাষ্ট্রপতিকে অবগত করেন।
পরে দুপুর ১২টার দিকে সেনাপ্রধান প্রধান উপদেষ্টার কার্যালয়ে যান এবং অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেন। সেখানেও চীন সফর ও দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়।
প্রসঙ্গত, জেনারেল ওয়াকার-উজ-জামান ২০ আগস্ট চীন সফরে যান এবং ২৭ আগস্ট রাতে দেশে ফেরেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) তথ্যমতে, সফরকালে তিনি চীনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) স্থলবাহিনীর রাজনৈতিক কমিশনার জেনারেল শেন হুইসহ বিভিন্ন সামরিক ও বেসামরিক কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন।
এ ছাড়া গত রোববার সেনাপ্রধান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের বাসভবনে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে আইনি ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলাপ হয়।
সংশ্লিষ্ট মহল জানিয়েছে, রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা ও প্রধান বিচারপতির সঙ্গে সেনাপ্রধানের এসব সাক্ষাৎ প্রথানুযায়ী হয়েছে এবং বৈঠকগুলো সম্পূর্ণ সৌহার্দ্যমূলক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এ নিয়ে যে কোনো ধরনের জল্পনা-কল্পনা ভিত্তিহীন।
এলএনডি/এমআর






