৮ উইকেটের দাপুটে জয়ে সিরিজ শুরু বাংলাদেশের

Liberty News Desk
ছবি : সংগৃহীত

১৩৭ রানের টার্গেট টপকাতে খুব একটা বেগ পেতে হয়নি বাংলাদেশকে। প্রতিপক্ষ ছিল নেদারল্যান্ডসের মতো তুলনামূলক দুর্বল দল, তাই ব্যাট-বলে স্বাচ্ছন্দ্যে খেলেই জয় নিশ্চিত করেছে টাইগাররা। সিলেটে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকরা জিতেছে ৮ উইকেট আর ৩৯ বল হাতে রেখে। এতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে বাংলাদেশ।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৩৬ রান তোলে নেদারল্যান্ডস। জবাবে ব্যাট হাতে ঝড়ো সূচনা করেন ওপেনার পারভেজ হোসেন ইমন। ইনিংসের প্রথম ওভারেই স্পিনার আরিয়ান দত্তকে দুই চার ও এক ছক্কায় ১৪ রান নেন তিনি। তবে বেশি দূর যেতে পারেননি—৮ বলে ১৫ রানে বোল্ড হয়ে ফেরেন।

এরপর দ্বিতীয় উইকেটে তানজিদ তামিম ও লিটন দাস গড়ে তোলেন ৩৯ বলে ৬৬ রানের জুটি। তানজিদ আউট হওয়ার আগে খেলেন ২৪ বলে ২৯ রানের ইনিংস। অপরপ্রান্তে লিটন তুলে নেন মাত্র ২৬ বলে নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারের ১৩তম অর্ধশতক। শেষ পর্যন্ত ৫৪ রানে অপরাজিত থেকে দলকে জয় উপহার দেন তিনি। সঙ্গে ছিলেন সাইফ হাসান, যিনি খেলেন ১৯ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস।

এর আগে ডাচদের হয়ে সর্বোচ্চ রান আসে তেজা নিদামানুরুর ব্যাট থেকে—২৬ বলে ২৬। ওপেনার ম্যাক্স ও’ডাউড করেন ১৫ বলে ২৩ রান। এছাড়া টিম প্রিংগেল (১৪ বলে ১৬) ও শরিজ আহমেদ (১৪ বলে ১৫) কিছুটা প্রতিরোধ গড়েন।

বল হাতে দুর্দান্ত ছিলেন বাংলাদেশের তাসকিন আহমেদ। ২৮ রানে নেন ৪ উইকেট এবং হন ম্যাচসেরা। সাইফ হাসান শিকার করেন ২টি উইকেট, আর মোস্তাফিজুর রহমানের ঝুলিতে যায় ১টি। নেদারল্যান্ডসের হয়ে ১টি করে উইকেট নেন আরিয়ান দত্ত ও টিম প্রিংগেল।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন