এই প্রথমবার একই ছবিতে অভিনয় করলেন হৃত্বিক রোশান ও জুনিয়র এনটিআর। পর্দায় এই জুটিকে ঘিরে দর্শকদের মধ্যে ছিল প্রবল আগ্রহ। প্রযোজক-পরিচালকদেরও আশা ছিল ছবিটি দেশজুড়ে ভালো ব্যবসা করবে। তবে প্রত্যাশা অনুযায়ী ফল মেলেনি।
মুক্তির প্রথম সপ্তাহান্ত কাটতেই বক্স অফিসে ধাক্কা খেয়েছে ছবিটি। হৃত্বিক রোশান, কিয়ারা আদভানী ও জুনিয়র এনটিআর অভিনীত এই সিনেমা প্রেক্ষাগৃহে আশানুরূপ সাড়া ফেলতে পারেনি। ব্যবসার ধারা দেখে অনেকেই বলছেন, খুব শিগগিরই ‘ওয়ার ২’ হল থেকে সরতে বাধ্য হতে পারে।
১৪ আগস্ট মুক্তিপ্রাপ্ত ছবিটি শুরু থেকেই সমালোচনার মুখে পড়ে। প্রচারের সময় প্রকাশিত ঝলক দেখেই দর্শকেরা ভিএফএক্স নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন। মুক্তির পর সমালোচকদের মতে, অয়ন মুখোপাধ্যায় পরিচালিত সিনেমাটির চিত্রনাট্যও ছিল দুর্বল। ফলে প্রত্যাশা অনুযায়ী সাড়া মেলেনি।
তবে ব্যবসার গ্রাফ বলছে, শুরুটা ভালো হলেও পরবর্তী সময়ে পতন ঘটে। মুক্তির প্রথম রবিবার ছবিটি প্রায় ৩২.৬৫ কোটি আয় করলেও, সোমবারেই নেমে আসে ৮.৭৫ কোটিতে। এরপর থেকে আর দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেনি আয়। দ্বিতীয় শুক্রবারে সর্বনিম্ন ৪ কোটি টাকার ব্যবসা করে ছবিটি। তবে শনিবার কিছুটা ঘুরে দাঁড়ায় এবং আয় দাঁড়ায় ৬.২৫ কোটিতে।
সবশেষ হিসাব অনুযায়ী, মুক্তির ১০ দিন পর পর্যন্ত ছবিটির মোট আয় দাঁড়িয়েছে ২১৪.৭৩ কোটি টাকা।
এলএনডি/এমআর





