রাজধানীর রমনা মডেল থানার বিস্ফোরক আইনের মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৬৫ জনকে অব্যাহতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (২১ আগস্ট) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. রফিকুল ইসলাম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
অব্যাহতি পাওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন—বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, সাবেক ফুটবলার ও নেতা আমিনুল হক এবং বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
মামলার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৮ অক্টোবর বিএনপির পূর্বঘোষিত মহাসমাবেশের সময় রমনা থানার এলাকায় দলীয় নেতাকর্মীরা যানবাহনে ক্ষতিসাধন, পুলিশের কাজে বাধা প্রদান ও ককটেল বিস্ফোরণ ঘটান।
এরপর ৩১ অক্টোবর মামলাটি দায়ের করা হয়। তদন্ত শেষে ৬৫ জনের অব্যাহতির আবেদন করা হয়, যা আদালত মঞ্জুর করে চূড়ান্ত প্রতিবেদন গ্রহণের মাধ্যমে অব্যাহতি প্রদান করে।
এলএনডি/এমআর






