বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেছেন, দেশ আবারও ষড়যন্ত্রের অন্ধগলিতে ঠেলে দেওয়া হয়েছে। তার মতে, গত ১৬ বছর ধরে ৭৫ সালের পতিত ফ্যাসিবাদ নতুন রূপে ফিরে এসে দুঃশাসন, গুপ্ত হত্যা, বিরোধী রাজনীতিকে দমন, সংবাদপত্রকে নিয়ন্ত্রণ এবং ভিন্নমতকে দমন করেছে।
বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, সাম্রাজ্যবাদী ও আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের মানচিত্র ধ্বংসের চেষ্টা চালিয়েছে। এখনো গণতন্ত্র ফিরে আসেনি, তাই তা পুনরুদ্ধারের জন্য সামনে আরও চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। এ কারণে দলের নেতাকর্মীসহ জাতীয়তাবাদী শক্তিকে প্রস্তুত থাকতে হবে।
তিনি আরও বলেন, এখনো অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত হয়নি। বিভিন্ন ষড়যন্ত্র ও মাস্টার প্ল্যানের খবর শোনা যাচ্ছে। ছাত্র-জনতার আন্দোলনের ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আন্দোলনকে সুসংগঠিত করেছেন, তবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পথ এখনো বাকি।
এলএনডি/এমআর






