চিরস্মরণীয় হয়ে থাকবেন মাইলস্টোনের তিন শিক্ষক : প্রধান উপদেষ্টা

Liberty News Desk
ছবি : সংগৃহীত

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো শিক্ষক মাহেরীন চৌধুরী, মাসুকা বেগম ও মাহফুজা খানমকে মানবতা ও সাহসিকতার অনন্য দৃষ্টান্ত হিসেবে জাতি চিরদিন স্মরণ করবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নিহত তিন শিক্ষকের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন তিনি।

প্রধান উপদেষ্টা বলেন, “ঘটনাটি ঘটার পর থেকেই এই স্মৃতি সবার মধ্যে গভীরভাবে দাগ কেটেছে। আমি দ্রুত আপনাদের সঙ্গে দেখা করতে চেয়েছিলাম, কিন্তু সেই সময় আপনাদের অবস্থা বিবেচনায় তা করা সম্ভব হয়নি। আমরা কেবল সমবেদনা জানাতে পারি, কিন্তু এই শোক মোছার ক্ষমতা আমাদের নেই। তবে এটুকু নিশ্চিত করতে পারি—এ শোক আপনাদের একার নয়, জাতি হিসেবে আমরা সবাই এই দুঃখ ভাগ করে নিচ্ছি।”

তিনি আরও বলেন, “আমাদের দেশের নাগরিকেরা মানবতার জন্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। ছোট ছোট শিশুদের প্রাণ বাঁচাতে তারা যে আত্মত্যাগ করেছেন, তা অনন্য উদাহরণ। এটি সবার মনে প্রশ্ন জাগিয়েছে—আমি কি সেই পরিস্থিতিতে থাকলে একই কাজ করতে পারতাম? তাদের সাহস আমাদের গর্বিত করেছে।”

সাক্ষাৎকালে নিহত শিক্ষকদের পরিবারের সদস্যরা তাদের স্মৃতি ও অভিজ্ঞতা তুলে ধরেন।

শিক্ষক মাহেরীন চৌধুরীর স্বামী মনসুর হেলাল জানান, তার স্ত্রী শেষ মুহূর্ত পর্যন্ত শিক্ষার্থীদের জীবন বাঁচাতে চেষ্টা করেছেন। সন্তানদের কথা ভেবে না ফিরে তিনি বলেছিলেন, “ওরাও তো আমার সন্তান।”

শিক্ষক মাহফুজা খাতুনের মেয়ে আয়েশা সিদ্দিকা কান্নাভেজা কণ্ঠে বলেন, মাকে হারিয়ে তিনি এখন নিঃস্ব। দুর্ঘটনার পর মাকে সুস্থ হয়ে উঠতে দেখে তিনি আশা করেছিলেন বাড়ি ফিরবেন, কিন্তু ভাগ্য তা হতে দেয়নি।

শিক্ষক মাসুকা বেগমের ভগ্নিপতি খলিলুর রহমান বলেন, মাসুকা তার পরিবার ও শিক্ষার্থীদের প্রতি ছিলেন অত্যন্ত নিবেদিত। পরিবারের দায়িত্ব পালন ও শিক্ষার্থীদের প্রতি মমত্ববোধই ছিল তার জীবনের মূল কেন্দ্রবিন্দু।

প্রধান উপদেষ্টা পরিবারগুলোর প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করে বলেন, “এই শিক্ষকরা আমাদের জাতীয় গর্ব, তাদের স্মৃতি আমাদের ধরে রাখতে হবে। এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

এ সময় প্রধান উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান, স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, শিক্ষা উপদেষ্টা সি আর আবরারসহ সরকারের অন্যান্য উপদেষ্টা ও কর্মকর্তারা।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন