মেসির পায়ের জাদুতে মায়ামির নাটকীয় জয়

Liberty News Desk
ছবি সংগৃহীত

দুই সপ্তাহের ইনজুরি কাটিয়ে মাঠে ফিরলেন লিওনেল মেসি। আর প্রত্যাবর্তনের ম্যাচেই প্রমাণ করলেন কেন তাকে ফুটবলের ইতিহাসে সেরাদের সেরা বলা হয়। বদলি হিসেবে নামার পর এক গোল ও এক চমকপ্রদ অ্যাসিস্ট করে ইন্টার মায়ামিকে ৩-১ ব্যবধানে জয় উপহার দিলেন লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে।

রবিবার ভোরে ফ্লোরিডার ফোর্ট লডারডেলের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে প্রথমার্ধেই জর্দি আলবার গোলে এগিয়ে যায় মায়ামি। তবে দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে গ্যালাক্সির জোসেফ পেইন্টসিল সমতায় ফেরান। ম্যাচের শেষ মুহূর্তে এসে ৩৮ বছর বয়সী মেসিই হয়ে ওঠেন পার্থক্য গড়ে দেওয়া তারকা।

৮৪তম মিনিটে মিডফিল্ড থেকে বল পেয়ে প্রতিপক্ষ ডিফেন্ডারকে কাটিয়ে বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের শটে জালের নিচে বল পাঠান তিনি। তাতেই ফের এগিয়ে যায় মায়ামি। আর পাঁচ মিনিট পর রদ্রিগো ডি পলের পাস দারুণ হিল-ফ্লিকে পৌঁছে দেন লুইস সুয়ারেজের কাছে, সাবেক বার্সেলোনা সতীর্থও তা থেকে সহজে গোল করেন।

তবে ম্যাচে দুর্দান্ত নৈপুণ্য দেখালেও মেসিকে কয়েকবার হ্যামস্ট্রিংয়ে হাত দিতে দেখা যায়। এতে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন কোচ হাভিয়ের মাশ্চেরানো। ম্যাচ শেষে তিনি বলেন,
‘সে পুরোপুরি স্বস্তিতে ছিল না। তবে যত সময় গড়িয়েছে, ততটা স্বাভাবিক হয়েছে। কাল সকালে তার অবস্থা কেমন থাকে, সেটাই দেখার বিষয়।’

এই ম্যাচের পর চলতি মৌসুমে মেসির অবদান দাঁড়াল ৩০টিতে—১৯ গোল ও ১১টি অ্যাসিস্ট। গোল্ডেন বুটের লড়াইয়েও তিনি এখন এককভাবে শীর্ষে।

অন্যদিকে গত আসরের এমএলএস কাপ জয়ী এলএ গ্যালাক্সি এবারে পশ্চিমা কনফারেন্সের সবার নিচে অবস্থান করছে।

বার্সেলোনার তিন সাবেক তারকা—আলবা, মেসি ও সুয়ারেজের তিন গোলে বড় জয় তুলে নিয়ে সাপোর্টার্স শিল্ড ধরে রাখার দৌড়েও টিকে রইল ইন্টার মায়ামি।

এলএনডি/এমআর

……………

For 24/7 Breaking News :

📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus

 

শেয়ার করুন