ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় শুধু অভিনয়েই নয়, সামাজিক যোগাযোগমাধ্যমেও নানা বিষয়ে সরব থাকেন। নিজের মনের কথা অকপটে শেয়ার করেন তিনি, আর কোনো বক্তব্য ভুল হলে প্রকাশ্যে ক্ষমা চাইতেও দ্বিধা করেন না। এবার তিনি সোশ্যাল মিডিয়ায় নির্বাচনী প্রসঙ্গ নিয়ে আলোচনায় আসলেন।
মঙ্গলবার (১২ আগস্ট) নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জয় উল্লেখ করেন, সুষ্ঠু নির্বাচন হলে তিনি নিজ এলাকা থেকে এমপি প্রার্থী হয়ে জয়ী হবেন এবং তার প্রতিদ্বন্দ্বীদের জামানত বাজেয়াপ্ত হবে বলেও মনে করছেন।
পোস্টে তিনি লেখেন, জনগণ নুর ভাইকে ক্ষমতায় দেখতে চায়, আর নুর ভাই ক্ষমতায় এলে তিনিই সবচেয়ে খুশি হবেন। কারণ নুর ভাই প্রথম প্রতিবাদী ব্যক্তি যিনি সরল ইমেজ নিয়ে মানুষের ভালোবাসা অর্জন করেছেন। তবে জনগণের মনোভাব সম্পর্কে কেউ নিশ্চিত নন—আগামীবার কে ক্ষমতায় আসবে, তা কেবল আল্লাহই জানেন।
জয়ের ভাষ্য অনুযায়ী, সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ছাড়া অন্য কারও অস্তিত্ব থাকবে না—আবার উল্টোটাও ঘটতে পারে। তিনি মজা করে বলেন, যদি তার এলাকায় তিনি প্রার্থী হন তবে সব দলের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হবে, অবশ্যই সুষ্ঠু নির্বাচন হলে। তবে ১৬ বছরের মতো পরিস্থিতি হলে উল্টো তার নিজের জামানত বাজেয়াপ্ত হবে।
নিজ পরিবারের রাজনৈতিক প্রভাব প্রসঙ্গেও কথা বলেন জয়। তিনি জানান, তার দাদা ওই এলাকার তিনবারের এমপি ছিলেন মুসলিম লীগের হয়ে এবং তার চাচা বিপুল ভোটে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন, বর্তমানে তিনি শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি। আওয়ামী লীগের আব্দুর রাজ্জাকের ছেলে কিংবা বিএনপির নেতারাও ভোটে দাঁড়ানোর আগে তাদের পরিবারের প্রতি সম্মান প্রদর্শন করতেন। জয়ের ভাষায়, “আমাদের অনুমতি ছাড়া ওই এলাকায় কেউ এমপি হতে পারেন না—এটাই বাস্তবতা।” হাহাহাহাহাহা।
এলএনডি/এমআর






