উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় প্রাণহানির মধ্যেও অলৌকিকভাবে রক্ষা পেয়েছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর আলম। দুর্ঘটনার মাত্র ৭-৮ মিনিট আগে ঘটনাস্থল থেকে সরে যাওয়ায় প্রাণে বেঁচে যান তিনি।
শনিবার (২ আগস্ট) সকালে নিহতদের স্মরণে ও আহতদের সুস্থতার জন্য আয়োজিত এক দোয়া মাহফিলে নিজের অভিজ্ঞতা তুলে ধরেন অধ্যক্ষ।
তিনি জানান, “সেদিন শিক্ষক নিয়োগের ভাইভা বোর্ডে অংশ নিতে দুপুর ১টা ৪ মিনিটের দিকে অফিস থেকে বের হয়ে যাই। ঠিক ৭-৮ মিনিট পরই ভয়াবহ ওই দুর্ঘটনা ঘটে। প্রতিদিন এই সময়টায় আমি ক্যাম্পাসে থাকতাম। কিন্তু সেদিন ব্যতিক্রম হয়েছিল।”
অধ্যক্ষ আরও বলেন, “প্রধান শিক্ষিকার অনুরোধে আমি সাক্ষাৎকার বোর্ডে যাই। যদি না যেতাম, তাহলে হয়তো আজ এখানে থাকতাম না।”
তিনি বলেন, “দুপুর ১টা ১২/১৩ মিনিটের মধ্যে দুর্ঘটনাটি ঘটে। ওই সময়টায় আমি সাধারণত বারান্দায় দাঁড়িয়ে থাকি, যেটি বিধ্বস্ত স্থানের কাছেই।”
এমন অলৌকিকভাবে বেঁচে যাওয়াকে ‘ভাগ্যের দান’ বলেই মনে করছেন তিনি।
তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং উদ্ধারকাজে শিক্ষক-কর্মচারীদের তাৎক্ষণিক সাড়া ও দায়িত্বশীলতার প্রশংসা করেন। এ সময় যেকোনো অব্যবস্থাপনার দায় নিজের ওপর নেন তিনি।
অনুষ্ঠানে নিহত সপ্তম শ্রেণির শিক্ষার্থী জারিফ হাসানের বাবা হাবিবুর রহমান বলেন, “ওই দিন জারিফ স্কুলে যেতে চায়নি, এটা ওর মা জানিয়েছে। ও ছিল খুব চঞ্চল আর সবার সঙ্গে বন্ধুসুলভ। আমরা এখনো বিশ্বাস করতে পারছি না, সে আর নেই।” এই স্মৃতিচারণ করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
এলএনডি/এমআর
……………
For 24/7 Breaking News :
📰 English News : www.libertynewsbd.com
📰 বাংলা সংবাদ : bangla.libertynewsbd.com
📰 Facebook : facebook.com/libertynewsbd
📰 Facebook (বাংলা) : facebook.com/libertynewsbangla
📰 X (Twitter) : x.com/libertynewsbd
📰 Instagram : instagram.com/libertynewsbd
📰 YouTube : youtube.com/@LibertyNewsBD
📰 YouTube : youtube.com/@LibertyNewsPlus






