রাজধানীর গুলশানে চাঁদাবাজির ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেউ জড়িত রয়েছে কি না, তা জানতে তদন্ত অব্যাহত রেখেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার বিকেলে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, চাঁদাবাজির ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না তা খুঁজে বের করা হচ্ছে। এ বিষয়ে কোনো কেন্দ্রীয় নেতৃত্বের সংশ্লিষ্টতা রয়েছে কি না, সেটিও গুরুত্বসহকারে যাচাই করা হচ্ছে।
অভিযুক্তদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং খুব শিগগিরই চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তার করা হবে বলেও জানান তিনি।
রাজধানীর গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদা দাবির ঘটনায় এখন পর্যন্ত ছয়জনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এদের মধ্যে পাঁচজনকে ঘটনাস্থল থেকেই ধরা হয়। পলাতক জানে আলম অপুকে শুক্রবার সকালে রাজধানীর গোপীবাগ থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
অপু নিজেকে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের’ যুগ্ম আহ্বায়ক পরিচয়ে এ ঘটনায় সরাসরি জড়িত ছিলেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে শনাক্ত করে গ্রেফতার করা হয়। তিনি একাধিকবার অবস্থান বদল করলেও অবশেষে ধরা পড়েন।
১৭ জুলাই সকাল ১০টার দিকে জানে আলম অপু ও আব্দুর রাজ্জাক রিয়াদ গুলশানে এক সাবেক এমপির বাসায় গিয়ে নিজেদের আন্দোলনের নেতা পরিচয়ে ‘অনিয়মের’ অভিযোগ তুলে ৫০ লাখ টাকা দাবি করেন। সেদিনই জোর করে ১০ লাখ টাকা আদায় করা হয়।
পরে ১৯ জুলাই ও ২৬ জুলাই অভিযুক্তরা আবারও কয়েকজনকে সঙ্গে নিয়ে গুলশানের ওই সাবেক সংসদ সদস্যের বাসায় যান এবং বাকি ৪০ লাখ টাকার জন্য চাপ প্রয়োগ করেন। এ সময় পুলিশকে খবর দেওয়া হলে তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে পাঁচজনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন: মো. সাকাদাউন সিয়াম, সাদমান সাদাব, মো. আমিনুল ইসলাম, ইব্রাহিম হোসেন মুন্না ও আব্দুর রাজ্জাক রিয়াদ।
রিয়াদের বাসায় অভিযান চালিয়ে উদ্ধার করা হয় ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক। পাশাপাশি বাড্ডার একটি বাসা থেকে উদ্ধার হয় নগদ ২ লাখ ৯৮ হাজার টাকা।
ঘটনার পর ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ সংগঠন থেকে ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না এবং আরও দুই সদস্যকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় কমিটির বাইরে সংগঠনের সকল শাখার কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






