যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক কমানোর চুক্তিকে “বাংলাদেশের কূটনৈতিক বিজয়” হিসেবে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
শুক্রবার (১ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি বলেন, “মার্কিন শুল্ক হার প্রত্যাশার চেয়ে ১৭ পয়েন্ট কমিয়ে ২০ শতাংশে নামিয়ে আনা একটি বড় অর্জন। আলোচনায় অংশ নেওয়া সবাইকে অভিনন্দন জানাই।”
তিনি আরও বলেন, “আলোচকরা কৌশলগত দক্ষতার পরিচয় দিয়ে দেশের অর্থনৈতিক স্বার্থ রক্ষার ক্ষেত্রে একটি বড় সাফল্য অর্জন করেছেন, যা আমাদের অগ্রযাত্রায় ইতিবাচক প্রভাব ফেলবে।”
প্রেস বার্তায় জানানো হয়, গত ফেব্রুয়ারি থেকে আলোচক দল শুল্ক, অ-শুল্ক ও জাতীয় নিরাপত্তা বিষয়ক জটিল আলোচনা সফলভাবে পরিচালনা করেছে। এই চুক্তি বাংলাদেশের তুলনামূলক সুবিধা বজায় রেখে, বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে প্রবেশাধিকার বাড়িয়েছে এবং জাতীয় স্বার্থ রক্ষা করেছে।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেন, “এই অর্জন কেবল আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের গ্রহণযোগ্যতার স্বীকৃতি নয়, বরং এটি নতুন সম্ভাবনা ও উন্নয়নের দরজা খুলে দিয়েছে। আজকের সাফল্য আমাদের জাতীয় দৃঢ়তা এবং অর্থনৈতিক ভবিষ্যতের প্রতিফলন।”
এর আগে হোয়াইট হাউস এক ঘোষণায় জানায়, ১ আগস্ট থেকে বাংলাদেশি পণ্যের ওপর ২০ শতাংশ শুল্ক কার্যকর হয়েছে।
হোয়াইট হাউসের ঘোষণায় আরো বলা হয়েছে, যুক্তরাষ্ট্র একযোগে ভারত (২৫%), পাকিস্তান, ভিয়েতনাম, শ্রীলঙ্কা ও ফিলিপাইন (২০%), কম্বোডিয়া, মালয়েশিয়া ও ইন্দোনেশিয়া (১৯%), আফগানিস্তান (১৫%) এবং মিয়ানমার (৪০%) এর ওপর পাল্টা শুল্ক আরোপ করেছে। বাংলাদেশের ওপর শুল্ক নির্ধারণ করা হয়েছে ২০ শতাংশ।
এই ঘোষণার পর প্রতিক্রিয়া জানিয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, “২০ শতাংশ শুল্ক আরোপের ফলে প্রতিযোগিতামূলক জায়গায় আমরা টিকে থাকব। রপ্তানিতে বড় বাধার আশঙ্কা নেই। তবে আমরা আরও কম হারের শুল্ক আশা করেছিলাম।”
এলএনডি/এমআর
For 24/7 breaking news :
English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD






