জাতীয় সংসদ নির্বাচনের তারিখ খুব শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। বৃহস্পতিবার (৩১ জুলাই) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, “গত তিন-চারটি নির্বাচনে ভোট দিতে পারিনি, সামনে আমরা ভোট দিতে পারব তো?” জবাবে উপদেষ্টা বলেন, “অবশ্যই পারবেন, ভোট দিতে সবাই পারবেন।”
ভোটাধিকার নিশ্চিত করতে সরকারের পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, “আমাদের এমন কোনো উদ্যোগ নেই, যা নেওয়া হচ্ছে না। আমি ক্লাসে গিয়ে ছাত্রদের জিজ্ঞেস করতাম, ভোট দিয়েছে কি না। অধিকাংশই বলত, দেয়নি। কেউ কেউ বলত, ১০-১২টা ভোট দিয়েছে। এটা দুঃখজনক বাস্তবতা। তবে এবার সে দুঃখ ঘুচবে। আমরা ১৮ বছর ধরে প্রকৃত ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম।”
নির্বাচনের সময় কবে জানতে চাইলে তিনি বলেন, “নির্বাচনের সময় তো… জাস্ট ওয়েট করুন, কিছুদিনের মধ্যেই ঘোষণা শুনবেন।”
২০০৮ সালের নির্বাচনের প্রসঙ্গে আইন উপদেষ্টা বলেন, “সেই সময় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচন হয়েছিল, তা নিয়েও প্রশ্ন আছে। অনেকে বলেন কোনো প্রশ্ন নেই, কিন্তু আমি দ্বিমত পোষণ করি। ২০০৮-এর নির্বাচন নিয়েও ভয়াবহ তথ্য আছে, সাংবাদিকরা খোঁজ করলে অনেক কিছুই পাবেন।”
তিনি আরও বলেন, “এর পরের নির্বাচনে তো প্রশ্ন উঠেছেই। তবে এবার আমাদের সরকারের লক্ষ্য হলো একটি আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য ও দেশের ইতিহাসে অন্যতম সেরা নির্বাচন আয়োজন করা।
তিনি বলেন, নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের হলেও সরকারের পক্ষ থেকে আমরা সর্বোচ্চ সহযোগিতা করবো। আমাদের প্রধান উপদেষ্টা সবসময় বলেন— আমরা যেন ইতিহাসের সবচেয়ে ভালো নির্বাচন উপহার দিই।”
তিনি আশাবাদ ব্যক্ত করেন, জনগণের আস্থা ও অংশগ্রহণে একটি নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






