উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় আহতদের চিকিৎসায় সহায়তা করতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডা. চোং সি জ্যাক ঢাকায় এসেছেন।
মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাতে তিনি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে তাকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল অভ্যর্থনা জানায় এবং প্রটোকল সহকারে তাকে নির্ধারিত আবাসস্থলে পৌঁছে দেওয়া হয়।
ডা. চোং সি জ্যাক বার্ন ও ট্রমা কেয়ার বিষয়ে দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিশেষ খ্যাতিসম্পন্ন। তার সফর মূলত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের চিকিৎসা পর্যালোচনা ও সম্ভাব্য সহায়তা প্রদান কেন্দ্রিক।
জানা গেছে, বুধবার (২৩ জুলাই) ঢাকায় পৌঁছাবেন সিং হেলথ-এর সিনিয়র ডিরেক্টর বিজয়া রাও, চিকিৎসা পরামর্শক পুন লাই কুয়ান এবং হেলথ অ্যাডমিনিস্ট্রেশন এক্সপার্ট লিম ইউ হান জোভান।
এই প্রতিনিধি দলটি জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ সংশ্লিষ্ট হাসপাতালে দগ্ধ রোগীদের চিকিৎসা পরিস্থিতি পর্যালোচনা করবেন। একই সঙ্গে তারা বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে অভিজ্ঞতা ও কৌশল বিনিময় করবেন।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এই সফরের মূল লক্ষ্য হলো—আহতদের সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করা এবং আন্তর্জাতিক চিকিৎসা সহযোগিতা জোরদার করা।
স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র আরো জানায়, দুর্ঘটনায় দগ্ধ ব্যক্তিদের উন্নত চিকিৎসা নিশ্চিতে আন্তর্জাতিক অভিজ্ঞতাসম্পন্ন চিকিৎসকদের সহায়তা নেওয়া হচ্ছে। ডা. চোং সি জ্যাক বুধবার সকালে বার্ন ইনস্টিটিউটে গিয়ে হাসপাতালের পরিচালক ও চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আহতদের অবস্থা, চিকিৎসা প্রটোকল, ও ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।
এর আগে, দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে শিক্ষিকা মাহরিন চৌধুরীসহ বেশ কয়েকজন গুরুতর দগ্ধ হন। মাহরিনসহ অনেকেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান, যা দেশজুড়ে শোকের ছায়া ফেলে।
সরকারি ও বেসরকারি পর্যায়ে সমন্বয়ের মাধ্যমে আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে কাজ চলছে বলে জানানো হয়েছে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news:
🌐 English News – www.libertynewsbd.com
🌐 বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
📌 Facebook – www.facebook.com/libertynewsbd/
📌 Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
📌 X (Twitter) – www.x.com/libertynewsbd
📌 Instagram – www.instagram.com/libertynewsbd
📌 YouTube – www.youtube.com/@LibertyNewsBD






