আগে জানিয়ে হামলা করায় ইরানকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

Liberty News Desk
ছবি সংগৃহীত

ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কাতারের আল উদেইদ মার্কিন ঘাঁটিতে হামলার আগে আগাম সতর্কবার্তা দিয়েছিল ইরান। তেহরান সময়মতো সতর্ক করে দেওয়ায় কোনো প্রাণহানি হয়নি। এ জন্য ইরানকে ধন্যবাদ জানান তিনি।

সোমবার (২৩ জুন) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমরা ইরানের দুর্বল প্রতিক্রিয়া প্রত্যাশা করেছিলাম এবং সফলভাবে তা প্রতিহত করেছি। তবে আমি ইরানকে ধন্যবাদ জানাই—আগে থেকেই আমাদের সতর্ক করায় কোনো হতাহত হয়নি।’

তিনি আরও বলেন, ‘তাদের প্রতিক্রিয়া ছিল খুবই দুর্বল, যা আমরা অনুমান করেছিলাম।’

এর আগে, সোমবার ইরান থেকে ছোড়া একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কাতারে অবস্থিত আল উদেইদ মার্কিন ঘাঁটির দিকে ছুটে যায়। প্রত্যক্ষদর্শীরা সেখানে বড় ধরনের বিস্ফোরণের কথা জানান। তবে কাতার সরকার জানায়, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে সক্ষম হয়েছে।

ইরানের দাবি, এই হামলা ছিল ‘ধ্বংসাত্মক ও শক্তিশালী’, তবে মার্কিন কর্মকর্তারা নিশ্চিত করেছেন—এতে কোনো সেনা নিহত বা আহত হয়নি। আল উদেইদ ঘাঁটিটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক স্থাপনা।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার কয়েক ঘণ্টা আগেই ইরান কূটনৈতিক চ্যানেলে যুক্তরাষ্ট্র ও কাতারকে আগাম বার্তা পাঠায়। এর ফলে সময়মতো প্রস্তুতি নিয়ে হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানে ইরানের ফোর্ডো, নাতাঞ্জ ও ইস্ফাহানের পারমাণবিক স্থাপনায় বাংকার-বাস্টার বোমা ফেলায় উত্তপ্ত হয়ে ওঠে তেহরান। এরপরই প্রতিশোধের হুমকি দিয়ে যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে এ হামলা চালায় ইরান।

এলএনডি/এমআর

For 24/7 breaking news :

English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD

TAGGED:
শেয়ার করুন