পর্তুগালের লিসবনের আলমাদা শহরে নিজ দোকানে বন্দুকধারী সন্ত্রাসীর গুলিতে মাহবুবুল আলম নামে এক বাংলাদেশী ব্যবসায়ী খুন হয়েছেন।
শুক্রবার (১৩ জুন) স্থানীয় সময় সন্ধ্যায় তার নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ‘জামিলা মিনিমার্কাদো’-তে এ ঘটনা ঘটে।
নিহত মাহবুবুল আলম সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার মানিককোনা গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী নান্না মিয়ার ছেলে। তিনি বেশ কয়েক বছর ধরে পর্তুগালে সপরিবারে বসবাস করছিলেন।
জানা যায়, শুক্রবার সন্ধ্যায় একদল সশস্ত্র সন্ত্রাসী দোকানে প্রবেশ করে এবং দোকানের অর্থ লুটপাটের চেষ্টা চালায়। এতে মাহবুবুল আলম বাধা দিলে হামলাকারীরা মাহবুবুল আলমের বুকে পর পর তিন রাউন্ড গুলি করে সঙ্গে সঙ্গে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মাহবুবুল মাটিতে লুটিয়ে পড়েন এবং ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে স্থানীয় পুলিশ এবং জরুরি সেবা সংস্থা ঘটনাস্থলে পৌঁছায়।
পর্তুগালের বিচার বিভাগীয় পুলিশ ঘটনার তদন্তভার গ্রহণ করেছে এবং হামলাকারীদের ধরতে অভিযান শুরু করেছে। যদিও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।
এদিকে এ হত্যাকে কেন্দ্র করে পর্তুগালের বাংলাদেশী কমিউনিটির মধ্যে শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মাহবুবুল আলম তার এলাকায় একজন শান্তিপ্রিয় ও কঠোর পরিশ্রমী ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। তার এই হত্যায় লিসবন, আলমাদা এবং সিলেটের ফেঞ্চুগঞ্জে শোকের ছায়া নেমে এসেছে।
এলএনডি/এমআর
For 24/7 breaking news :
English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD






