মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার ভোর ৬টায় মিসরের আল আহলি ও যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামির ম্যাচ দিয়ে পর্দা উঠছে ২১তম ফিফা ক্লাব বিশ্বকাপ আসরের। স্বাগতিক হিসেবে এ আসরে খেলার সুযোগ পাওয়া ইন্টার মায়ামি উদ্বোধনী ম্যাচেই মাঠে নামছে। ইন্টার মায়ামির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির সামনে একাধিক রেকর্ড ভাঙার হাতছানি।
‘এ’ গ্রুপে ব্রাজিলের পালমিরাস, পর্তুগালের এফসি পোর্তো ও আল আহলির বিপক্ষে তিন ম্যাচ খেলার সুযোগ পাবে ইন্টার মায়ামি। এই তিন ম্যাচেই একাধিক রেকর্ডে গড়ার সুযোগ রয়েছে মেসির।
বার্সেলোনার হয়ে তিনবার ফিফা ক্লাব বিশ্বকাপ শিরোপা জিতেছেন মেসি। যদিও এবার ৩২ দলের আসরে বড় বড় ক্লাবকে টেক্কা দিয়ে তার দল ইন্টার মায়ামির শিরোপা জেতা দুরূহ বটে, তবে অসম্ভব নয়। শিরোপা না জিতলেও কিছু রেকর্ড ভাঙার দারুণ সম্ভাবনা রয়েছে। দেখে নেয়া যাক, কোন কোন রেকর্ড ভাঙতে পারেন তিনি।
সবচেয়ে বেশি গোলের রেকর্ড সাতটি গোল করে ক্লাব বিশ্বকাপের রেকর্ডটা ক্রিস্টিয়ানো রোনালদোর। মেসির গোলসংখ্যা পাঁচটি। চলতি আসরে দুটি গোল পেলে রোনালদোকে ধরে ফেলবেন মেসি। গ্রুপ পর্বে তিনটি ম্যাচেই দুই গোল করার সুযোগ রয়েছে মেসির। চলতি আসরে অবশ্য রোনালদোর খেলা হচ্ছে না। সৌদি আরবের ক্লাব আল নাসেরে খেলেন রোনালদো, যারা ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পায়নি। গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে নকআউট পর্বে।
সবচেয়ে বেশি অ্যাসিস্ট এই রেকর্ডটা ভাঙা মেসির জন্য খুব কঠিন। পাঁচটি অ্যাসিস্ট করে রেকর্ডের মালিক বোকা জুনিয়র্সের নেরি কারদোজা ও কাশিমা অ্যান্টলার্সের শোমা দোই। তারা উভয়ই পাঁচটি করে অ্যাসিস্ট করেছেন। সেই তুলনায় মেসির অ্যাসিস্ট মাত্র একটি। অ্যাসিস্টের রেকর্ড ছুঁয়ে ফেলতে মেসির প্রয়োজন চারটি অ্যাসিস্ট, আর রেকর্ড গড়তে প্রয়োজন পাঁচটি অ্যাসিস্ট।
সম্মিলিতভাবে সবচেয়ে বেশি গোল ও অ্যাসিস্ট এই রেকর্ডটিও রোনালদোর। গোল সাতটি ও অ্যাসিস্ট তিনটি মিলে মোট ১০ গোলে অবদান রেখেছেন পর্তুগিজ সুপারস্টার। এ বিবেচনায় টুর্নামেন্টের ইতিহাসে তিনিই সবচেয়ে কার্যকর খেলোয়াড়। মেসির অবদান ছয় গোলে। রোনালদোর রেকর্ড ছুঁয়ে ফেলতে তাকে আরো চারটি গোলে অবদান রাখতে হবে। এছাড়া আল হিলালের সালেম আল-দাওয়াসারি ছয় গোলে অবদান রেখেছেন, তিনিও চলতি আসরে নিজের নামের পাশে আরো যোগ করতে পারেন।
সবচেয়ে বেশি বয়সে গোল ইন্টার মিলানের হাভিয়ের জানেত্তি ২০১০ সালের আসরে ৩৭ বছর ৪ মাস ৫ দিন বয়সে গোল করে সবচেয়ে বেশি বয়সে গোলের রেকর্ড গড়েছিলেন। এবার ৩৮ বছর বয়সী মেসির সামনে সেই রেকর্ড ভাঙার সুযোগ এসেছে। যদিও রিয়াল মাদ্রিদের লুকা মডরিচ গোল করলে মেসির রেকর্ড গড়ার সুযোগ নেই, কেননা ক্রোয়াট খেলোয়াড়টি তার চেয়ে বয়সে বড়।
সবচেয়ে বেশি গোল্ডেন বল জয় টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের হাতে তুলে দেয়া হয় গোল্ডেন বল পুরস্কার। দুবার গোল্ডেন বল জিতে এরই মধ্যে রেকর্ড গড়েছেন মেসি। এবার তৃতীয়বারের মতো গোল্ডেন বল কি জিততে পারবেন তিনি? যদিও সেরা তিন খেলোয়াড়ের পুরস্কার জেতায় রোনালদো এগিয়ে। তিনি মোট চারবার পদকমঞ্চে উঠেছেন। এবার মেসি সেরা তিনে থাকতে পারলে রোনালদোকে ছুঁয়ে ফেলবেন।
এলএনডি/এমআর
For 24/7 breaking news :
English News – www.libertynewsbd.com
বাংলা সংবাদ – bangla.libertynewsbd.com
Facebook – www.facebook.com/libertynewsbd/
Facebook (বাংলা) – www.facebook.com/libertynewsbangla/
X (Twitter) – www.x.com/libertynewsbd
Instagram – www.instagram.com/libertynewsbd
YouTube – www.youtube.com/@LibertyNewsBD






