তারিক লিটু, কয়রা (খুলনা)
ঈদকে সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে গাবতলী বাসস্ট্যান্ডে অভিযান পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিরপুর বিভাগ। মঙ্গলবার বিকেল সাড়ে ৫টায় পরিচালিত এ যৌথ অভিযানে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই পরিবহনকে জরিমানা এবং তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
মিরপুর বিভাগের স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শিশির মোহাম্মদ বেলালের নেতৃত্বে এ অভিযানে সেনাবাহিনী, ট্রাফিক দারুসসালাম বিভাগ এবং দারুসসালাম থানার পুলিশ সদস্যরা অংশ নেন।
অভিযানে দেখা যায়, আহাদ ও আসাদ পরিবহন নামের দুটি বাস কোম্পানি যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ৭০০ টাকার ভাড়ার পরিবর্তে ১২০০ টাকা আদায় করছে। প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ায় দুই পরিবহনকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয় এবং সংশ্লিষ্ট তিনজনকে আটক করা হয়।
এছাড়া যাত্রীদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত ভাড়া ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। ঈদযাত্রাকে নিরাপদ ও সুষ্ঠু করতে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এলএনডি/এসএইচ
–
English News : https://www.libertynewsbd.com
বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com
X : https://www.x.com/libertynewsbd
Instagram : https://www.instagram.com/libertynewsbd/






