ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের চরাঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের জীবনমান উন্নয়নে আরও নতুন প্রকল্প গ্রহণ করা হবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ তোফাজ্জেল হোসেন।
বৃহস্পতিবার (২৯ মে) ভূরুঙ্গামারীতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সভাটি অনুষ্ঠিত হয় নদীবিধৌত ও সীমান্তবর্তী ৮৬টি এলাকায় বাস্তবায়নাধীন “সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প” এর আওতায়।
সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রামের জেলা প্রশাসক নুসরাত সুলতানা। উপস্থিত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) মহাপরিচালক মাহাবুল রহমান, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (সম্প্রসারণ) ডা. বেগম শামসুন্নাহার আহম্মদ, প্রকল্প পরিচালক ডা. নন্দ দুলাল টিকাদার এবং প্রকল্পের সুবিধাভোগীরা।
সচিব তার বক্তব্যে বলেন, “এই প্রকল্পের সুফল কাজে লাগিয়ে উপকারভোগীদের স্বাবলম্বী হয়ে ওঠতে হবে।” তিনি আরও জানান, শিগগিরই কুড়িগ্রামের নদীগুলিতে মাছের অভয়াশ্রম গড়ে তোলা হবে। এ লক্ষ্যে তিনি স্থানীয় জনগণ ও প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
পরে তিনি প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শন করেন এবং উপকারভোগীদের সঙ্গে কথা বলেন।
উল্লেখ্য, এই প্রকল্পের আওতায় রংপুর বিভাগের ৪টি জেলার ৯টি উপজেলার ২৬টি ইউনিয়নের ৮৬টি বিলুপ্ত ছিটমহল এবং রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের ৯টি জেলার ৪০টি উপজেলার ১৭৪টি ইউনিয়নের নদীবিধৌত ১০০৪টি চর এলাকার মোট ৪৭,১৫৫টি দরিদ্র পরিবার সরাসরি উপকৃত হচ্ছে।
এলএনডি/এসএইচ
–
English News : https://www.libertynewsbd.com
বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com
X : https://www.x.com/libertynewsbd
Instagram : https://www.instagram.com/libertynewsbd/






