মাসুম বিল্লাহ, আশাশুনি (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার প্রতাপনগরের পূর্ব নাকনায় কপোতাক্ষ নদীতে মাছ ধরাকে কেন্দ্র করে প্রতিপক্ষের অতর্কিত হামলায় বিএনপি ও যুবদল নেতাসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা সাড়ে পাঁচটায় চেয়ারম্যান বাজার এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
আহতদের মধ্যে রয়েছেন জিয়া সাইবার ফোর্সের খুলনা বিভাগের সাংগঠনিক সম্পাদক ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক মাস্টার আলমগীর হোসেন। হামলায় গুরুতর আহত হন আরও ছয়জন—আফজাল হোসেন, ইমরান হোসেন, শিহাব গাজী, জাকির হোসেন, ইউসুফ আলী পাড় ও আকরাম গাজী। আহতদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত আলমগীর হোসেনের ভাই আফজাল হোসেন জানান, “সকালবেলা মাছ ধরার সময় স্থান নির্ধারণ নিয়ে পার্শ্ববর্তী শওকত, সাদ্দাম ও রোকনের সঙ্গে বাকবিতণ্ডা হয়। বিকালে সালিশ ডাকা হয় স্থানীয় নেতাদের উপস্থিতিতে। ঠিক সময়ে খেয়াঘাট এলাকায় পৌঁছালে মৃত আমীর আলীর পুত্র মতিয়ার রহমানের নেতৃত্বে জাহাঙ্গীর, শওকত, রোকনসহ আরও কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়।”
আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আমিনুল কবীর বলেন, “আহত সাতজনকে হাসপাতালে আনা হয়। তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে চলে যান, বাকিদের উন্নত চিকিৎসার জন্য রাত ১০টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।”
এ বিষয়ে আশাশুনি থানার অফিসার ইনচার্জ মো. সামসুল আরেফিন জানান, “সংঘর্ষের খবর পেয়ে আমি নিজে ঘটনাস্থলে যাই। ঘটনার তদন্ত চলছে, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
এলএনডি/এসএইচ
–
English News : https://www.libertynewsbd.com
বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com
X : https://www.x.com/libertynewsbd
Instagram : https://www.instagram.com/libertynewsbd/






