মো. রিপন মিয়া, শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী ইউনিয়নের লক্ষীকোলা সোনারপাড়া গ্রামের বাসিন্দা ওবায়দুল, খোরশেদ ও মেরেজারের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় আদালত থেকে জামিন পেলেও রক্ষা পাননি পুলিশের হাতে গ্রেফতার ও নির্যাতনের হাত থেকে। মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই শাহজাহান আলীর বিরুদ্ধে ওঠেছে এ অভিযোগ।
ভুক্তভোগী ওবায়দুল বলেন, “আমি কাজ শেষে দোকানের পাশে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ পুলিশ এসে বলে, তুই তো থানায় পলাতক! আমি বললাম, স্যার আমি জামিনে আছি, রিকলও দিয়েছি ১৫-২০ দিন আগে। কাগজ দেখালাম, তবু শোনেনি। আমাকে ধরে চেয়ারম্যানের বাড়িতে নিয়ে গেল, সেখান থেকে ফাঁড়িতে। হাতকড়া পরিয়ে বলল, ব্যাটা পালাস কেন? আমাকে বেধড়ক মারধর করলো। পরে জোর করে একটি ভিডিও করিয়ে টাকা-পয়সা (২০-৩০ হাজার) নিয়ে নেয়।”
ওবায়দুল আরও জানান, তিনি বারবার রিকলের কাগজ দেখালেও শাহজাহান এসআই বলেন, “তোর রিকলের খাতা পুড়ি।” এর পরেও তাকে ফাঁড়িতে নিয়ে হেনস্থা করা হয়। পরে ভিডিও ধারণ করে ছেড়ে দেওয়া হয়।
স্থানীয়রা জানান, ৯ মে রাতেই কয়েকজনকে ধরে নিয়ে যায় পুলিশ। পুরো পাড়ায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। জামিনে থাকার পরও এভাবে গ্রেফতার ও হেনস্থাকে ‘অগণতান্ত্রিক আচরণ’ বলে অভিহিত করেছেন তারা। এছাড়াও, ভুক্তভোগীদের হুমকি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন এলাকার কয়েকজন।
এ বিষয়ে বগুড়া জেলার শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, “তদন্ত সাপেক্ষে এএসআই শাহজাহান আলী দোষী সাব্যস্ত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
এলএনডি/এসএইচ
–
English News : https://www.libertynewsbd.com
বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com
X : https://www.x.com/libertynewsbd
Instagram : https://www.instagram.com/libertynewsbd/






