শহিদুল ইসলাম, কয়রা (খুলনা): খুলনার কয়রা উপজেলার বাগালী ইউনিয়নের ১২১ নং হোগলা মিলনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানা প্রাচীর নির্মাণে বাধা ও প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শাফাজুল ইসলাম এ ঘটনায় হোগলা গ্রামের তরিকুল ইসলাম পল্টু ও তার পিতা রেজাউল ইসলাম পাড়কে বিবাদী করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) বরাবর লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগে বলা হয়, স্কুল চত্বরের পুরোনো ভবনটি পরিত্যক্ত অবস্থায় থাকায় স্থানীয় প্রভাবশালী কিছু ব্যক্তি তা দখলে নিয়ে ব্যবহার করে আসছেন। সরকার পিডিইপি-৪ প্রকল্পের আওতায় বিদ্যালয়টির চারপাশে সীমানা প্রাচীর নির্মাণের জন্য বরাদ্দ দেয়। কিন্তু কাজ শুরুর পর ঠিকাদারকে বাধা দেন অভিযুক্তরা। তারা গালিগালাজ ও জীবননাশের হুমকি দিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দেন বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দারাও বিষয়টিকে কেন্দ্র করে উত্তেজিত। যেকোনো সময় আইনশৃঙ্খলার অবনতি ঘটতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকে।
এ বিষয়ে স্থানীয় শিক্ষানুরাগী মো. মফিজুল ইসলাম পাড় ফেসবুকে একটি পোস্ট দিলে রেজাউল ইসলাম পাড়ের ছেলে ও ব্র্যাক কর্মী শরিফুল ইসলাম টগর সেখানে অশোভন মন্তব্য করেন।
অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
তবে অভিযুক্ত তরিকুল ইসলাম পল্টু বলেন, “আমরা প্রাচীর নির্মাণে বাধা দিইনি। এখানে আমাদের কয়েকটি পরিবার বসবাস করে। প্রাচীর নির্মাণে আমাদের চলাচলের রাস্তাটি বন্ধ হয়ে যাবে। তাই আমরা শুধু চলাচলের জন্য একটি পথ রেখে প্রাচীর নির্মাণের কথা বলেছি।”
এলএনডি/এনই
–
English News : https://www.libertynewsbd.com
বাংলা সংবাদ : https://www.bangla.libertynewsbd.com
X : https://www.x.com/libertynewsbd
Instagram : https://www.instagram.com/libertynewsbd/






