মিরপুরে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টায় ছাত্রলীগের সাবেক দুই কর্মী আটক

Liberty News Desk

অনিক খাঁন,ঢাকাঃ রাজধানীর মিরপুরে মিছিল ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টাকালে ছাত্রলীগের সাবেক দুই কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল (২০ এপ্রিল) রবিবার রাতে মিরপুর মডেল থানার পুলিশের সহযোগিতায় স্থানীয় জনতা তাঁদের আটক করে।

আটককৃতদের মধ্যে শহিদুল ইসলাম টুটুল (৩২) ঢাকার ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাবেক সহসভাপতি এবং বর্তমানে বঙ্গবন্ধু সাংস্কৃতিক তরুণ লীগের শাহ আলী থানা শাখার সাধারণ সম্পাদক। অপরজন মো. মোজাম্মেল হক (২৯) মিরপুর থানা এলাকার ছাত্রলীগের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত।

পুলিশ সূত্রে জানা গেছে, আটককৃতরা রাজধানীর বিভিন্ন এলাকায় সংগবদ্ধভাবে ঝটিকা মিছিলের মাধ্যমে জনমনে আতঙ্ক ছড়ানোর পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছিলেন। তাঁদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার সাথে সম্পৃক্ততার অভিযোগও রয়েছে।

এ বিষয়ে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ রোমন প্রথম আলোকে বলেন, “আটককৃত দুইজন ছাত্রলীগের সাবেক কর্মী। তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ জানিয়েছে, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

শেয়ার করুন