প্রখ্যাত টাইম ম্যাগাজিনের ‘টাইম-১০০ নেক্সট’’ ২০২৫ তালিকায় স্থান পেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার চলতি বছরের বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ‘টাইম’। এতে ড. মুহাম্মদ ইউনূসের নাম রয়েছে লিডার ক্যাটাগরিতে।
প্রতি বছর বিশ্বের প্রভাবশালী ১০০ ব্যক্তির তালিকা প্রকাশ করে থাকে এই সাময়িকী। ম্যাগাজিনের অধ্যাপক ইউনূসকে নিয়ে মুখবন্ধটি লিখেছেন যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
এতে লেখা হয়েছে, গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বে গণআন্দোলনে মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নেওয়ার দায়িত্ব কাঁধে তুলে নেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।
আগের বছর ২০২৪ সালে টাইম ম্যাগাজিনের ‘টাইম-১০০ নেক্সট’ ২০২৪ তালিকায় স্থান পেয়েছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলামের নাম। টাইম ম্যাগাজিনে নাহিদ ইসলাম সম্পর্কে বলা হয়েছে: ‘২৬ বছর না পেরুতেই বিশ্বের অন্যতম ক্ষমতাধর ব্যক্তিকে ক্ষমতা থেকে সরাতে ভূমিকা রেখেছেন তিনি। যেসব ছাত্রনেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলন সূচনা করেছিলেন সমাজবিজ্ঞান নিয়ে পড়াশোনা করা নাহিদ ইসলাম তাদের অন্যতম।
এলএনডি/এনই






