নারায়ণগঞ্জে নারী ও শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

Liberty News Desk
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে এক পুকুরপাড় থেকে দুই নারী ও এক শিশুর খণ্ডিত বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। মর্মান্তিক এ ঘটনায় এলাকায় চরম উদ্বেগ ও চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার মিজমিজির পশ্চিমপাড় এলাকার একটি পুকুরের পাশ থেকে তিনটি বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। নিহতদের মধ্যে রয়েছেন দুই নারী—লামিয়া ও স্বপ্না এবং এক শিশু—হাবিব।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের এক কর্মকর্তা জানান, স্থানীয়দের সন্দেহজনক বস্তা পড়ে থাকতে দেখে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। এরপর বস্তাগুলো খুলে ভয়াবহ চিত্র দেখা যায়। লাশগুলো খণ্ডিত অবস্থায় ছিল।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, সকাল থেকেই দুর্গন্ধ ছড়াচ্ছিল। পরে তা অনুসন্ধান করে বস্তাগুলো খুঁজে পাওয়া যায়।

পুলিশ বলছে, হত্যাকাণ্ডের সময় ও কারণ এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের জন্য লাশগুলো নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, “ঘটনাটি খুবই ভয়াবহ। আমরা বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করছি। নিহতদের সঙ্গে কারো পূর্ব বিরোধ ছিল কি না, কিংবা পারিবারিক কোনো সংকট জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।”

এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি। বিস্তারিত জানার চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।

এলএনডি/বিজি

TAGGED:
শেয়ার করুন