নির্ধারিত ওজনের চেয়ে কম হওয়ায় গরু বিতরণ স্থগিত

Liberty News Desk

মনজিদ আলম শিমুল, দিনাজপুর প্রতিনিধিঃ নির্ধারিত ওজনের চেয়ে কম হওয়ায় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় প্রাণিসম্পদ অধিদপ্তরের একটি প্রকল্পের আওতায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে বকনা গরু বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে অনুষ্ঠিত গরু বিতরণ কার্যক্রমটি স্থগিত করেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসাহাক আলী।

জানা গেছে, প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে উত্তরাঞ্চলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মানুষের জীবনমান উন্নয়নে বকনা গরু বিতরণের উদ্যোগ নেওয়া হয়। নির্দেশনা অনুযায়ী, প্রতিটি গরুর ওজন হওয়ার কথা ছিল কমপক্ষে ১০০ কেজি এবং বয়স দেড় বছর। কিন্তু ঠিকাদারি প্রতিষ্ঠান জেনটেক ইন্টারন্যাশনাল বিতরণের জন্য ৬০-৬৫ কেজি ওজনের গরু নিয়ে আসে।

ঘটনার পর ইউএনওর নির্দেশে গরু বিতরণ স্থগিত করা হয়। এতে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, “স্বাধীন দেশে এত বড় অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এমন গরু বিতরণ করা যাবে না।”

জানা যায়, জেনটেক ইন্টারন্যাশনাল ফ্যাসিবাদ সরকারের আমলে প্রকল্পটির দায়িত্ব পায়, যা ২০২৬ সাল পর্যন্ত চলবে। এখন পর্যন্ত গরু সরবরাহের দায়িত্বে রয়েছে প্রতিষ্ঠানটি।

প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সারোয়ার হোসেন বলেন, “প্রকল্পের নির্দিষ্ট মান অনুযায়ী ১০০ কেজি ওজনের গরু না পাওয়ায় বিতরণ কার্যক্রম স্থগিত করা হয়েছে।”

এ বিষয়ে ঠিকাদারের পক্ষে সাপ্লায়ার ওমর ফারুক বলেন, “আমাদেরকে যেভাবে ঠিকাদার গরু আনতে বলেছে, আমরা সেভাবেই গরু এনেছি।”

শেয়ার করুন